নির্বাহী কর্মকর্তার মানবিকতা, অসহায় মাদ্রাসা ছাত্রকে কিতাব উপহার

এফএনএস (মোঃ একরামুল হক মুন্সী; চিতলমারী, বাগেরহাট) :
| আপডেট: ২৭ জুলাই, ২০২৬, ০২:৪০ পিএম | প্রকাশ: ২৭ জুলাই, ২০২৬, ০২:৪০ পিএম
নির্বাহী কর্মকর্তার মানবিকতা,  অসহায় মাদ্রাসা ছাত্রকে কিতাব উপহার

বাগেরহাটের চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার একজন দরিদ্র ও অসহায় মাদ্রাসা শিক্ষার্থীর পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য ব্যক্তিগত উদ্যোগে কিতাব (বই) কিনে দিয়ে এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন।

উপজেলার চর কুরাল তলা গ্রামের দিনমজুর মাগফুর রহমান মোল্লার ছেলে হাফেজ মো: মাহদী মোল্লা মাদারীপুরের মিয়াপাড়া কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের ছাত্র। অর্থাভাবে এক সেট প্রয়োজনীয় কিতাব কিনতে না পারায় তার পড়াশোনা বন্ধের উপক্রম হয়েছিল। এই পরিস্থিতিতে মাহদী তার বাবাকে সাথে নিয়ে চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তারের সাথে দেখা করে তাদের অসহায়ত্বের কথা জানান। এ সময় দরিদ্র মাদ্রাসা ছাত্রটির পড়াশোনা বন্ধ হওয়ার কথা জেনে ইউএনও খাদিজা আক্তার তাৎক্ষণিকভাবে মানবিক সাড়া দেন।তিনি সরকারি বরাদ্দের পাশা-পাশি নিজের ব্যক্তিগত তহবিল থেকে ২৩ হাজার টাকা মূল্যের ২০টি প্রয়োজনীয় কিতাবের পুরো সেটটি কিনে দেন।

আজ সোমবার (২৭ জুলাই) সকাল ১০টায় ইউএনও খাদিজা আক্তার শিক্ষার্থী মাহদী মোল্লা ও তার বাবা মাগফুর রহমান মোল্লার হাতে এই কিতাবসমূহ তুলে দেন। এ সময় ইউএনও খাদিজা আক্তার জানান প্রথমে বই কেনার জন্য তারা আর্থিক অনুদান চেয়ে ছিলেন, আমি বলে ছিলাম অর্থ দেব না বই কিনে দেয়া হবে। আজ সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হলো। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র, উপজেলা কৃষি অফিসার (কৃষিবিদ) সিফাত আল মারুফ, উপজেলা প্রকৌশলী মো: সাদ্দাম হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: হাফিজুর রহমান প্রমূখ  

বই হাতে পাওয়ার পর আবেগাপ্লুত হয়ে মাহদী ও তার পরিবার ইউএনও’র এই মানবিক সহায়তার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। মাদ্রাসার কিতাব প্রদানের মাধ্যমে ইউএনও শিক্ষার প্রতি তার আন্তরিক অনুরাগের প্রমাণ দিয়েছেন, যা স্থানীয় এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে। ৩৬তম বিসিএস ক্যাডারের এই কর্মকর্তা চিতলমারী উপজেলায় যোগদানের পর থেকেই বিভিন্ন ধরনের সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সুশীল সমাজ ও সাধারণ মানুষের মাঝে প্রশংসিত হয়ে আসছেন।

আপনার জেলার সংবাদ পড়তে