মেহেরপুরের গাংনীতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নির্ধারিত পদযাত্রা ও পথসভা স্থলের পাশ থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর দেড়টার দিকে গাংনী বাজার বাসস্ট্যান্ড চত্বর সভাস্থলের ১শ' গজ দূরে একটি সবজির ব্যাগ থেকে বোমা সাদৃশ্য বস্তুটি উদ্ধার করা হয়। এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রা ও পথসভা কে কেন্দ্র করে সোমবার সকালে শীর্ষ তিন নেতার কুশপুত্তলিকা বৈদ্যুতিক তারের সাথে ঝুলিয়ে রাখে দুর্বৃত্তরা। এরপর আবারও সভাস্থলের পাশ থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার হয়।
এনসিপির কেন্দ্রীয় যুগ্ন সমন্বয়কারী এডভোকেট শাকিল আহমেদ জানান,সমাবেশ স্থানের পাশে পরিত্যক্ত একটি সবজির ব্যাগের ভেতরে বোমা সাদৃশ একটি বস্তু দেখতে পেয়ে নিরাপত্তার স্বার্থে সেটি থানায় নিয়ে গেছে পুলিশ। ভয়ভীতি দেখানোর জন্য বোমা সাদৃশ্য বস্তুটি রাখতে পারে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমা সদৃশ বস্তুটি উদ্ধার করেছে।পাশাপাশি কে বা কারা এ ঘটনাগুলো ঘটাচ্ছে তা খতিয়ে দেখা হবে। কুশপুত্তলিকা সহ বোমা সাদৃশ্য বস্তু উদ্ধারের ঘটনা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।