শুক্রবার (২৪ জুলাই) রাতে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার চামটা এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে।
নিহতরা হলেন- মুকসুদপুর উপজেলার হরিচর সিন্দিয়াঘাট এলাকার অসিত কুন্ডুর ছেলে অচিন্ত্য কুন্ডু (২৫), মাদারীপুরের রাজৈর উপজেলার পূর্ব নাগরদি গ্রামের মনিন্দ্রনাথ বাড়ৈর ছেলে উজ্জ্বল বাড়ৈ (৩৫) এবং একই উপজেলার গোয়ালকান্দি গ্রামের শাহীন ব্যাপারীর ছেলে ফয়সাল ব্যাপারী (২০)।
পুলিশ জানায়, একটি মোটরসাইকেলে অচিন্ত্য কুন্ডু ও উজ্জ্বল বাড়ৈ গোপালগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে চামটা এলাকায় বিপরীত দিক থেকে আসা টেকেরহাটমুখী আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অচিন্ত্য কুন্ডু নিহত হন। গুরুতর আহত হন উজ্জ্বল বাড়ৈ ও ফয়সাল ব্যাপারী। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন উজ্জ্বল বাড়ৈর মৃত্যু হয়। অপরদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান ফয়সাল ব্যাপারী।
বৌলতলী তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) শামীম আল মামুন জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।