হামের প্রভাবে মৃত্যুর মিছিল, চার মাসে প্রায় ৮০০ শিশুর জীবনহানি

এফএনএস প্রতিবেদক:
| আপডেট: ২০ জুলাই, ২০২৬, ০৪:১৯ পিএম | প্রকাশ: ২০ জুলাই, ২০২৬, ০৪:১৮ পিএম
হামের প্রভাবে মৃত্যুর মিছিল, চার মাসে প্রায় ৮০০ শিশুর জীবনহানি

কয়েক মাস থেকেই দেশজুড়ে হামের বিস্তার থামছেই না। প্রতিনিয়ত ঝরছে শিশুদের তাজা প্রাণ। একই সঙ্গে খালি হচ্ছে মায়েদের ভরা কোল। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে হাজার হাজার শিশু রোগী। সবশেষ গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ৬৯ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে।  সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৭৯৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে হামের উপসর্গে ৬৯৮ জন ও হামে আক্রান্ত হয়ে ৯৫ জনের মৃত্যু হয়েছে।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে শুধু সিলেট বিভাগেই ৩ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে হামের উপসর্গে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে একজন করে মোট ২ শিশুর মৃত্যু হয়েছে। 

এদিকে সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪৭ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ৯২২ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত মোট ১ লাখ ১৮ হাজার ৫৭০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ১৪ হাজার ৫৭৮ জনের হাম শনাক্ত হয়েছে।

গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ১ হাজার ২৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৯৭ হাজার ৫৩২ জন ছাড়পত্র পেয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে