বিজ্ঞানচর্চায় নতুন দিগন্ত

নলডাঙ্গা ভূষণ মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান মেলা উদ্বোধন

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) :
| আপডেট: ১৮ ফেব্রুয়ারী, ২০২৬, ০৮:৪৫ এএম | প্রকাশ: ১৮ ফেব্রুয়ারী, ২০২৬, ০৮:৪৪ এএম
নলডাঙ্গা ভূষণ মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান মেলা উদ্বোধন

উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। শিক্ষার্থীদের হাতে তৈরি উদ্ভাবনী মডেল, বিভিন্ন বৈজ্ঞানিক প্রজেক্ট ও গবেষণামূলক প্রদর্শনীতে বিদ্যালয় প্রাঙ্গণ হয়ে ওঠে প্রাণবন্ত ও আকর্ষণীয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন এবং উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আব্দুল আলিম। এছাড়া শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজনের উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবের রূপ নেয়।

বিজ্ঞান মেলার অংশ হিসেবে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্যে তিনি বলেন, এ ধরনের বিজ্ঞান মেলা শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানভিত্তিক কৌতূহল সৃষ্টি করে, সৃজনশীলতা বৃদ্ধি করে এবং ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পরে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন এবং একে একে বিভিন্ন স্টল পরিদর্শন করেন। শিক্ষার্থীদের তৈরি সৌরবিদ্যুৎ, পরিবেশ সংরক্ষণ, রোবটিকস, স্মার্ট প্রযুক্তি ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক বিভিন্ন মডেল ও প্রজেক্ট দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের প্রশংসা করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি হাতে-কলমে শেখার সুযোগ সৃষ্টি করে। এর মাধ্যমে তাদের সৃজনশীল চিন্তা, উদ্ভাবনী ক্ষমতা এবং বিজ্ঞানমনস্কতা বিকাশ লাভ করে, যা ভবিষ্যৎ শিক্ষাজীবন ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে সহায়ক হবে।

দিনব্যাপী এ বিজ্ঞান মেলায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বিদ্যালয় প্রাঙ্গণে এক অনন্য উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।

আপনার জেলার সংবাদ পড়তে