খালেদা জিয়ার জানাজার আগে

মায়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১ জানুয়ারী, ২০২৬, ০৫:৩৫ এএম
মায়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজার আগে তার ছেলে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকলের কাছে দোয়া চেয়েছেন। বুধবার (৩১ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউ ও জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজার আনুষ্ঠানিকতা শুরু হওয়ার আগে তিনি সংক্ষিপ্ত বক্তব্যে এ আহ্বান জানান।

তারেক রহমান বলেন, “কারো কাছে যদি মরহুমা খালেদা জিয়ার কোনো ঋণ থেকে থাকে, আমাকে জানাবেন। আমি তা পরিশোধের ব্যবস্থা করব, ইনশাআল্লাহ। একই সঙ্গে তার কোনো ব্যবহারে বা কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, মরহুমার পক্ষ থেকে আমি ক্ষমাপ্রার্থী। আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন তাকে বেহেশত দান করেন।”

তিনি আরও যোগ করেন, “আমার মা জীবিত থাকার সময় যদি কারও কাছে কোনো ঋণ থাকত, সেটি আমি নিশ্চিতভাবে পরিশোধ করব। এছাড়া, যদি তার কোনো আচরণে কেউ আহত হয়ে থাকেন, তাকে ক্ষমা করে দেবেন।” তারেক রহমানের আবেগঘন এই বক্তব্যে জানাজাস্থলে উপস্থিত হাজারো মানুষ চোখে জল ধরে রাখতে পারেননি।

বেগম খালেদা জিয়া দীর্ঘদিন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ৩৭ দিনের চিকিৎসার পর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যু শুধু একটি রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি নয়, বরং বাংলাদেশের রাজনীতিতে এক যুগের অবসান। গণতন্ত্র, জাতীয় সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষার সংগ্রামে তিনি ছিলেন দৃঢ় ও আপসহীন এক নেতা।

জানাজার আনুষ্ঠানিকতা শুরু হওয়ার আগে তারেক রহমানের আহ্বানে লাখো মানুষ একত্রিত হয়ে মায়ের জন্য প্রার্থনা করেন। এর পর বিকাল ৩টার পর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হয় বেগম খালেদা জিয়ার জানাজা নামাজ, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মানুষ অংশগ্রহণ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে