বেনাপোল ইমিগ্রেশনে বিস্ফোরক মামলার আসামি আটক

এফএনএস (মহসিন মিলন; বেনাপোল, যশোর) : | প্রকাশ: ১৭ ডিসেম্বর, ২০২৫, ০৮:১০ এএম
বেনাপোল ইমিগ্রেশনে বিস্ফোরক মামলার আসামি আটক

ভারতে যাওয়ার সময় বেনাপোলে আবুল কালাম আজাদ (৪৯) নামে বিস্ফোরক মামলার এক আসামিকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ২ টার দিকে আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়। আটক আবুল কালাম আজাদ যশোরের ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামের দাউদ হোসেনের ছেলে।

ইমিগ্রেশন সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে ভারতে যাওয়ার সময় আবুল কালাম আজাদ পাসপোর্টে সিল মারার জন্য বহির্গমন ডেস্কে পাসপোর্ট জমা দিলে ইমিগ্রেশন সার্ভারে স্টপলিস্টে তার নাম পাওয়া যায়। তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি স্বীকার করেন তার বিরুদ্ধে ঝিকরগাছা থানায় বিস্ফোরক আইনে একটি মামলা রয়েছে। তার মামলার বিষয়ে ঝিকরগাছা থানায় খোঁজখবর নেওয়া হলে সত্যতা পাওয়া যায়। পরে ইমিগ্রেশন পুলিশ তাকে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলার তথ্য যাচাই-বাছাই শেষে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে