মাদরাসা থেকে পালাতে গিয়ে এসির আউটডোরে আটকে গেলো শিক্ষার্থী

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৬ অক্টোবর, ২০২৫, ১০:২৬ এএম
মাদরাসা থেকে পালাতে গিয়ে এসির আউটডোরে আটকে গেলো শিক্ষার্থী

৫ তলা ভবনে থাকা মাদরাসা থেকে পালাতে গিয়ে এসির আউটডোরে আটকা পড়ে এক শিশু। খবর পেয়ে দমকল বাহিনী রশির মাধ্যমে শিশুটিকে উদ্ধার করে। হাজীগঞ্জের টোরাগড়ে ঘটনাটি ঘটে (৫ অক্টোবর ২০২৫) দুপুর ১২টার দিকে। পরে মো. রায়হান নামের ১০ বছর বয়সী ঐ শিশুটিকে তার মায়ের জিম্মায দেয়া হয়। 

জানা যায়, হাজীগঞ্জ পৌর এলাকার ৭নং ওয়ার্ডের টোরাগড় এলাকার তালুকদার বাড়ির সম্মুখে একটি ৫ তলার ভবনে (৩য়, ৪র্থ ও ৫ম তলা) আল ইহসান মাদ্রাসা অবস্থিত। মাদ্রাসার হিফজ্ বিভাগের শিক্ষার্থী রায়হানকে মাদ্রাসা ৪র্থ তলার এসির আউটডোর দাঁড়িয়ে থাকতে দেখে লোকজন। পরে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের খবর দেযা হয়।

শিশুটির মা মাহমুদা বেগম জানান, পবিত্র কোরআন মাজিদের ১৮ পারার হাফেজ ছেলে রায়হান। এর আগেও সে যে মাদ্রাসায় পড়ালেখা করেছে, সে মাদ্রাসা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে। আজকেও এই মাদ্রাসা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু নামতে না পেরে ৪ তলায় এসির আউটডোরে আটকা পড়ে  দাঁড়িয়ে থাকে।

মাদরাসার মুহতামিম (প্রধান শিক্ষক) হাফেজ মাওলানা মো. আরিফ হোসেন জানান, রায়হানকে দুইদিন পূর্বে মাদ্রাসার হিফজ্ বিভাগে ভর্তি করানো হয়েছে। আজ সে পালিয়ে যাওয়ার চেস্টা করে এসির আউটডোরে আটকে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে তাকে উদ্ধার করে। পরে শিশটিকে তার মা এসে বাড়িতে নিয়ে গেছেন।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. বাহার উদ্দিন জানান, খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করে তার মা ও মাদ্রাসার শিক্ষকদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে শিশুটি কীভাবে সেখানে আটকা পড়লো, এ বিষয়ে কেউ বলতে পারেনি। তিনি এ ধরনের (আবাসিক) মাদ্রাসার শিক্ষক ও অভিভাবকদের সতর্ক থাকার অনুরোধ জানান।

আপনার জেলার সংবাদ পড়তে