উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল

৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

এফএনএস
| আপডেট: ১৬ নভেম্বর, ২০২৬, ০৪:০৩ পিএম | প্রকাশ: ১৬ নভেম্বর, ২০২৬, ০৪:০৩ পিএম
৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
ফাইল ছবি

আগামী ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। পাশাপাশি জেলার ঐতিহ্যবাহী দুটি শিল্পপ্রতিষ্ঠান কুষ্টিয়া সুগার মিল লিমিটেড ও মোহিনী মিলস লিমিটেডের অর্থনৈতিক পুনরুজ্জীবন, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা করার কথা রয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি নিশ্চিত করেন।
দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচন-পরবর্তী উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন এবং নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি পূরণের অংশ হিসেবে এ সফরের আয়োজন করা হচ্ছে। বিশেষ গুরুত্ব পাবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ডের মতো জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের বিষয়গুলো।
সফরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল উদ্বোধনের মধ্য দিয়ে জেলার স্বাস্থ্যসেবার পরিধি বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। হাসপাতালটি চালু হলে কুষ্টিয়াসহ আশপাশের এলাকার মানুষের চিকিৎসাসুবিধা বাড়বে বলে আশা করা হচ্ছে।
স্বাস্থ্য খাতের পাশাপাশি কুষ্টিয়ার শিল্প ও অর্থনৈতিক উন্নয়নও সফরের গুরুত্বপূর্ণ বিষয়। এ সময় কুষ্টিয়া সুগার মিল লিমিটেড ও মোহিনী মিলস লিমিটেডের বর্তমান অবস্থা পর্যালোচনা এবং প্রতিষ্ঠান দুটির কার্যক্রম পুনরুজ্জীবিত করার বিষয়ে আলোচনা হতে পারে। নতুন কর্মসংস্থান সৃষ্টি ও স্থানীয় শিল্পায়নের সম্ভাবনা কাজে লাগানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।
দীর্ঘদিন ধরে নানা সংকট, লোকসান ও অব্যবস্থাপনার কারণে ঐতিহ্যবাহী এ দুটি শিল্পপ্রতিষ্ঠানের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে বলে স্থানীয়দের ভাষ্য। প্রধানমন্ত্রীর সফর ঘিরে মিল দুটির পুনরায় চালু হওয়া, আধুনিকায়ন এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে ফিরিয়ে আনার বিষয়ে শ্রমিক, কৃষক ও স্থানীয় মানুষের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে।
প্রধানমন্ত্রীর সফর প্রসঙ্গে প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, তারেক রহমানের কুষ্টিয়া সফর এ অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর এ সফরের মধ্য দিয়ে কুষ্টিয়ার সার্বিক উন্নয়ন, শিল্পের প্রসার ও অর্থনৈতিক অগ্রযাত্রায় নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করছেন তাঁরা।
এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে জেলা প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের পক্ষ থেকে প্রাথমিক প্রস্তুতি এবং নিরাপত্তাব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আপনার জেলার সংবাদ পড়তে