হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে ফসলি জমির উপরিভাগের উর্বর মাটি কাটার দায়ে নাঈমুর রহমান জুয়েল নামে এক ব্যক্তিকে ৫ লাখ টাকা জরিমানা ও জরিমানা অনাদায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার রাতে উপজেলার আদাঐর ইউনিয়নের শিউলিয়া ব্রিজের দক্ষিণ পাশে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদি হাসান।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি চক্র শিউলিয়া ব্রিজের দক্ষিণ পাশের উর্বর ফসলি জমি থেকে এক্সক্যাভেটর দিয়ে মাটি কেটে বিক্রি করে আসছিল। এসব মাটি বিভিন্ন ইটভাটাসহ অন্যত্র সরবরাহ করা হচ্ছিল। এতে কৃষিজমির উপরিভাগের উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছিল।
এমন অভিযোগের ভিত্তিতে শনিবার (১৪ নভেম্বর) রাতে আকস্মিক অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় ফসলি জমির উপরিভাগের উর্বর মাটি কাটার সত্যতা পাওয়ায় ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী নাঈমুর রহমান জুয়েলকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদি হাসান জানান, কৃষিজমির উর্বরতা ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে মাটি কাটা ও বিক্রির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। ফসলি জমি ধ্বংস করে মাটি কাটার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিন্দুমাত্রও ছাড় দেওয়া হবে না।