দেশে হামের সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায় রয়েছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৮৪ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।
আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ১৩ নভেম্বর সকাল ৮টা থেকে ১৪ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৮৩ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার জন এবং চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ৯০২ জন। মারা যাওয়া দুজনের মধ্যে ঢাকা ও সিলেট বিভাগের একজন করে রয়েছেন।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৪৫২ জন, সিলেটে ১৩৬ জন, চট্টগ্রামে ২০৮ জন, রাজশাহীতে ২৯ জন, ময়মনসিংহে ৫৭ জন, বরিশালে ১০০ জন, খুলনায় ৭১ জন এবং রংপুরে ৩১ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত সারা দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৬ হাজার ৬৪৬ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৫ হাজার ১১১ জনের শরীরে।
এ সময়ে সন্দেহজনক হাম রোগীদের মধ্যে ২ লাখ ২০ হাজার ২৪৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ১১ হাজার ৩০৩ জন।
এ ছাড়া ১৫ মার্চ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২০১ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৫ জন।