হবিগঞ্জের মাধবপুরে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) উপজেলার তিনটি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত এ পরীক্ষায় ৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ হাজার ৭৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পরীক্ষার কেন্দ্রগুলো হলোÑমাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়, প্রেমদাময়ী বালিকা উচ্চ বিদ্যালয় এবং সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। সকাল থেকে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের উপস্থিতিতে কেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ৭৭৪ জন বালক এবং ৯৭৬ জন বালিকা। কেন্দ্রভিত্তিক হিসাবে মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে ৬৪৪ জন, প্রেমদাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫১৩ জন এবং সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৫৯৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন আয়োজকরা। বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জাকারিয়া বলেন, “শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতায় সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে। এ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার পাশাপাশি মেধা বিকাশে সহায়ক ভূমিকা রাখবে।”
অ্যাসোসিয়েশনের সভাপতি ও মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সাইফুল ইসলাম মির্জা বলেন, “শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং পড়াশোনার প্রতি আগ্রহ ও উৎসাহ বাড়াতেই এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান মনে করছেন, এ ধরনের বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের পাশাপাশি তাদের পড়াশোনায় আরও মনোযোগী ও আত্মবিশ্বাসী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।