বিচারিক কার্যক্রমে গতি আনতে নীলফামারীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন

এফএনএস; আব্দুর রাজ্জাক, নীলফামারী: | প্রকাশ: ১৪ নভেম্বর, ২০২৬, ০৫:০৪ পিএম
বিচারিক কার্যক্রমে গতি আনতে নীলফামারীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন
ছবি: FNS

বিচারিক কার্যক্রমে গতি আনা, মামলার তদন্ত ও বিচারপ্রক্রিয়ার মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং বিচার বিভাগ ও পুলিশের পারস্পরিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে নীলফামারীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৪ নভেম্বর জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নীলফামারীর সিনিয়র জেলা ও দায়রা জজ জিয়া উদ্দিন মাহমুদ। সভাপতিত্ব করেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোছা. মার্জিয়া খাতুন। সম্মেলনে মামলার তদন্ত ও বিচারকাজ দ্রুত সম্পন্ন করা, বিচারিক প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা কমানো, মামলাজট নিরসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিচার বিভাগের কার্যকর সমন্বয় প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেন, জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম, অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) নুজহাত তাসনীম আওন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ.বি.এম. ফয়জুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খাঁন, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ইকবাল পাশা। এ ছাড়া নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিল্লুর রহমান, সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম, জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল আলম, কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল গফুর, ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আলম সরকার ও ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশরাফুল ইসলামসহ বিচার বিভাগ ও পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সম্মেলনে অংশ নেন। সভায় বক্তারা বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং বিচারপ্রার্থীদের দ্রুত আইনি সেবা নিশ্চিত করতে পুলিশ ও ম্যাজিস্ট্রেসির মধ্যে সমন্বিত ভূমিকা অপরিহার্য। তদন্ত প্রতিবেদন দাখিল থেকে শুরু করে বিচারিক কার্যক্রম সম্পন্ন করা পর্যন্ত প্রতিটি পর্যায়ে সংশ্লিষ্টদের দায়িত্বশীলতা ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে হবে। এতে মামলাজট কমার পাশাপাশি সাধারণ মানুষের বিচারপ্রাপ্তি সহজ ও ত্বরান্বিত হবে। এ লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন বক্তারা।

আপনার জেলার সংবাদ পড়তে