সৈয়দপুরে সড়ক-কালভার্ট নষ্ট করছে অবৈধ ট্রাক্টর-ট্রলি

ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী: | প্রকাশ: ১৪ নভেম্বর, ২০২৬, ০৩:৫১ পিএম
সৈয়দপুরে সড়ক-কালভার্ট নষ্ট করছে অবৈধ ট্রাক্টর-ট্রলি
ছবি: FNS

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় অবৈধভাবে চলাচলকারী ট্রাক্টর-ট্রলির দৌরাত্ম্যে একদিকে যেমন সড়ক ও কালভার্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। গ্রাম থেকে শহর বিভিন্ন সড়কে অবাধে চলাচল করছে মাহিন্দ্রা, সোনালিকা ও অন্যান্য ট্রাক্টর-ট্রলি। স্থানীয়দের অভিযোগ, এসব যানবাহনের কারণে ইতোমধ্যে বেশ কয়েকটি সড়ক ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।
জানা গেছে, সৈয়দপুর উপজেলার বিভিন্ন এলাকায় শতাধিক ট্রাক্টর ও ট্রলির চলাচল রয়েছে। কৃষিকাজে ব্যবহারের কথা, অনেক ক্ষেত্রে এসব যানবাহন বালু, মাটি, ইট, পাথরসহ বিভিন্ন নির্মাণসামগ্রী পরিবহনে ব্যবহার করা হচ্ছে। অতিরিক্ত ওজন নিয়ে চলাচলের কারণে সড়কের ওপর বাড়ছে চাপ। বিশেষ করে সদ্যনির্মিত পাকা সড়ক ও কালভার্টগুলো দ্রুত ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ উঠেছে।
অনেকের ভাষ্য, পাকা সড়কের কার্পেটিং উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। কোথাও কোথাও সড়কের দুই পাশ ভেঙে গেছে। কাঁচা সড়কগুলোও ভারী ট্রাক্টর-ট্রলির নিয়মিত চলাচলে খানাখন্দে পরিণত হয়েছে। এতে পথচারী, শিক্ষার্থী, মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের চালকদের দুর্ভোগ বাড়ছে।
শুধু সড়ক নয়, অতিরিক্ত ভার বহনকারী ট্রাক্টর-ট্রলির চাপে বিভিন্ন স্থানে কালভার্টও ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ রয়েছে। স্থানীয়দের আশঙ্কা, ক্ষতিগ্রস্ত কালভার্ট দ্রুত সংস্কার করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এদিকে এসব যানবাহনের বেপরোয়া চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে বলেও অভিযোগ রয়েছে। দুর্ঘটনায় শিশুসহ বিভিন্ন বয়সী মানুষ হতাহত হওয়ার ঘটনাও ঘটেছে বলে তারা জানান।
এলাকার বাসিন্দাদের অভিযোগ, ট্রাক্টর-ট্রলির বিরুদ্ধে বিভিন্ন সময়ে অভিযান চালানো হলেও স্থায়ীভাবে বন্ধ হচ্ছে না অবৈধ চলাচল। ফলে একদিকে সরকারি অর্থ ব্যয়ে নির্মিত সড়ক দ্রুত নষ্ট হচ্ছে, অন্যদিকে সড়ক নিরাপত্তাও হুমকির মুখে পড়ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, কৃষিকাজে প্রয়োজনীয় যানবাহন হিসেবে ট্রাক্টরের ব্যবহার থাকতেই পারে। কিন্তু জনবহুল সড়কে অনুমোদনহীনভাবে ট্রলি সংযুক্ত করে ভারী মালামাল পরিবহণ এবং বেপরোয়া গতিতে চলাচল বন্ধ করা জরুরি। একই সঙ্গে সড়ক ও কালভার্টের ধারণক্ষমতা বিবেচনা করে ভারী যান চলাচল নিয়ন্ত্রণের দাবি জানান তারা।
সচেতন মহলের মতে, অবৈধ ট্রাক্টর-ট্রলির চলাচল বন্ধে শুধু অভিযান নয়, নিয়মিত নজরদারি, যানবাহনের বৈধতা যাচাই, চালকদের প্রশিক্ষণ এবং দুর্ঘটনাপ্রবণ এলাকায় কার্যকর ব্যবস্থা প্রয়োজন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত সড়ক ও কালভার্ট দ্রুত সংস্কার এবং নতুন সড়ক নির্মাণের সময় ভারী যানবাহনের চাপ বিবেচনায় নেওয়া দরকার। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। তাদের দাবি, জননিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সরকারি অর্থে নির্মিত সড়ক ও অবকাঠামো রক্ষায় অবৈধ ট্রাক্টর-ট্রলির বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হোক।

আপনার জেলার সংবাদ পড়তে