বাংলাদেশকে ‘অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মতো’ বিবেচনা করছেন দ.আফ্রিকা কোচ

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ১৩ নভেম্বর, ২০২৬, ০৭:২২ পিএম
বাংলাদেশকে ‘অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মতো’ বিবেচনা করছেন দ.আফ্রিকা কোচ
ছবি: FNS

তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ দল দক্ষিণ আফ্রিকায় সফর করছে। যেখানে দুটি দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। আগামীকাল রোববার জোহানেসবার্গ টেস্ট দিয়ে শুরু হচ্ছে মাঠের লড়াই। ওই ম্যাচের আগে আলোচনায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৪২ রানের রেকর্ডগড়া ইনিংস খেলা তওহিদ হৃদয়। এ ছাড়া অস্ট্রেলিয়াকে ডারউইনে হারানোয় বাংলাদেশকে নিয়ে সতর্ক প্রোটিয়া কোচ। হৃদয়ের দুর্দান্ত পারফরম্যান্সের খবর রেখেছেন দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ শুকরি কনরাডও। সংবাদ সম্মেলনে এসে তাই হৃদয়ের ব্যর্থ হওয়ার প্রার্থনাই করলেন তিনি, ‘এবার তো ওর ব্যর্থ হওয়ার পালা, তাই না! (হাসি)’ এর আগে বাংলাদেশ ‘এ’ দলের দক্ষিণ আফ্রিকা সফরে লাল বলের ম্যাচে সাড়ে তিনশ রান করেছিলেন হৃদয়। ফলে হৃদয়কে তখন থেকেই চেনার কথা প্রোটিয়া কোচের। ওই ইনিংসের প্রসঙ্গ টেনে কনরাড বলেন, ‘সে (হৃদয়) অসাধারণ একজন খেলোয়াড়। পচেফস্ট্রুমের সেই ম্যাচটি যদি এখনও চলত, তাহলে সম্ভবত সে এখনও ব্যাটিং করত। অনলাইনে তার ব্যাটিংয়ের কিছু ভিডিও দেখেছি আমড়া।’ সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ব্যাটাররা কাঙ্ক্ষিত ফর্ম দেখাতে না পারলেও, তাদের নিয়েও ইতিবাচক ধারণা স্বাগতিক কোচের, ‘ব্যাটারদের ক্ষেত্রে ভালো ব্যাপার হচ্ছে, তারা যেখানে ভালো করে সেখানে আবার খেললে বেশ আত্মবিশ্বাসী থাকে। এখানে খেলার ব্যাপারে সে অনেক বেশি আত্মবিশ্বাসী থাকবে, কোনো সন্দেহ নেই।’ বাংলাদেশকে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মতো করেই সম্মান দেওয়ার কথাও জানালেন কনরাড, ‘এখানে এসে তারা (বাংলাদেশ) অনেক আত্মবিশ্বাসী থাকবে। কোনোভাবেই আমড়া তাদের খাটো করে দেখছি না। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে যে পরিমাণ সম্মান করি, তাদেরও ঠিক ততটাই সম্মান দিচ্ছি। আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বর্তমানের দিকে মনোযোগ ধরে রাখা।’