এফএনএস (বরিশাল প্রতিবেদক) :

মুসলিম বন্ধুর জানাজার পাশে দাঁড়িয়ে হিন্দু বাল্যবন্ধুর শেষবিদায়

এফএনএস | প্রকাশ: ১১ নভেম্বর, ২০২৬, ০৮:৪৮ পিএম
মুসলিম বন্ধুর জানাজার পাশে দাঁড়িয়ে হিন্দু বাল্যবন্ধুর শেষবিদায়
ছবি: FNS

ধর্ম আলাদা কিন্তু বন্ধুত্বের বন্ধন ছিল অটুট। জীবনের শেষ বিদায়েও বন্ধুকে একনজর দেখতে ছুটে আসেন হিন্দু বাল্যবন্ধু বীর মুক্তিযোদ্ধা সুরেশ চন্দ্র ব্যাপারি। বিষয়টি উপস্থিত ব্যক্তিদের কাছে হয়ে উঠেছে সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবিক বন্ধুত্বের এক অনন্য দৃষ্টান্ত। ঘটনাটি ঘটেছে বুধবার (১১ নভেম্বর) বিকেলে বরিশালের উজিরপুর উপজেলার হস্তিশুন্ড গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই গ্রামের মুসলিম সম্প্রদায়ের প্রায় ৭০ বছর বয়সের হাকিম ডাকুয়া বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরন করেন। তাঁর মৃত্যুর খবর পেয়ে ছুটে আসেন দীর্ঘদিনের বাল্যবন্ধু সুরেশ। বিকেলে যখন হাকিম ডাকুয়ার জানাজা চলছিলো তখন জানাজার মাঠের পাশে ব্রিজের ওপর নীরবে দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে বন্ধুকে শেষ বিদায়ের দৃশ্য দেখছিলেন সুরেশ। ভিন্ন ধর্মের দুই বন্ধুর এমন মানবিক সম্পর্কের দৃশ্য হৃদয় ছুঁয়ে গেছে জানাজাস্থলে উপস্থিতিদের। মুসলিম বন্ধুর জানাজার স্থানে উপস্থিত হলেও ধর্মীয় রীতির প্রতি শ্রদ্ধা রেখে জানাজায় অংশ না নিয়ে ব্রিজের ওপর একপাশে নীরবে দাঁড়িয়ে থাকেন সুরেশ। এ সময় অপলক দৃষ্টিতে বন্ধুর শেষ বিদায় দেখছিলেন সুরেশ। শৈশব থেকে গড়ে ওঠা বন্ধুত্বের স্মৃতি যেন মুহুর্তেই তাঁকে ফিরিয়ে নিয়ে যায় ফেলে আসা দিনগুলোতে। বন্ধুকে হারানোর বেদনা আর শেষবিদায়ে সুরেশ চন্দ্র ব্যাপারির উপস্থিতিতি জানাজায় উপস্থিত মুসুল্লীদের নজর কেড়ে নিয়েছে। ধর্মীয় পরিচয় আলাদা হলেও মানুষের প্রতি মানুষের ভালোবাসা যে সব বিভেদের ঊর্ধ্বে, সুরেশের এই উপস্থিতি যেন সেই বার্তাই দিয়েছে। হাকিম ডাকুয়া ও সুরেশ চন্দ্র ব্যাপারির বন্ধুত্বই প্রমাণ করেছে মানুষের হৃদয়ের সম্পর্ক কোনো ধর্মের সীমানায় আটকে থাকে না।

আপনার জেলার সংবাদ পড়তে