ভেড়ামারায় চিত্রা এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তনের সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবিতে রেলপথ অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় সর্বস্তরের মানুষ ও ভুক্তভোগী রেলযাত্রীরা। আজ বুধবার সকাল ১১টা থেকে ভেড়ামারা রেলস্টেশন সংলগ্ন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এতে শত শত মানুষ অংশ নেন। আন্দোলনকারীরা রেললাইনে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করলে ওই রুটে ট্রেন চলাচল বিঘ্নিত হয়। ভেড়ামারা রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার রাজিব কুমার বিশ্বাস গণমাধ্যম ‘চ্যানেল এস’-কে জানান, আন্দোলনকারীদের অবরোধের কারণে বুধবার মহানন্দা ডাউন (১৬) ট্রেনটি সকাল ১১টা থেকে এবং কপোতাক্ষ আপ (৭১৫) ট্রেনটি কিছু সময় আটকে থাকে। মানববন্ধনে বক্তারা বলেন, ২০০৭ সালে চালুর পর থেকে চিত্রা এক্সপ্রেস (আপ-৭৬৩ ও ডাউন-৭৬৪) ভেড়ামারা, মিরপুর ও ঈশ্বরদী অঞ্চলের মানুষের ঢাকায় যাতায়াতের অন্যতম প্রধান ভরসা। ব্যবসায়ী, চাকরিজীবী, শিক্ষার্থী ও চিকিৎসাসেবা নিতে ঢাকাগামী রোগীদের জন্য ট্রেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কিন্তু সম্প্রতি চিত্রা এক্সপ্রেসকে পদ্মা সেতু হয়ে পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে ট্রেনটি ভেড়ামারা, মিরপুর ও ঈশ্বরদী অঞ্চলের ওপর দিয়ে চলাচল করবে না। ফলে বৃহত্তর কুষ্টিয়া ও পাবনা অঞ্চলের হাজার হাজার যাত্রী চরম ভোগান্তিতে পড়বেন বলে আশঙ্কা প্রকাশ করেন বক্তারা। তাঁরা আরও বলেন, চিত্রা এক্সপ্রেসের রুট পরিবর্তন করা হলে সাধারণ যাত্রীদের অতিরিক্ত অর্থ ব্যয় করে সড়কপথে ঢাকায় যাতায়াত করতে হবে। এতে শিক্ষার্থী, রোগী, চাকরিজীবীসহ সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ার পাশাপাশি স্থানীয় ব্যাবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়বে। তাই জনস্বার্থ বিবেচনায় রুট পরিবর্তনের সিদ্ধান্ত অবিলম্বে বাতিলের দাবি জানান তাঁরা। রেলপথ অবরোধ ও মানববন্ধন শেষে আন্দোলনকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সাধারণ রেলযাত্রীদের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়। তাঁর পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজি আশিক বাহার। এ সময় উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব এস এস আল হোসাইন সোহাগ, ভেড়ামারা কলেজের অর্থনীতি বিভাগের প্রধান সহকারী অধ্যাপক মওদুদ আহমেদ মিঠু, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মহসিন রেজা, ভেড়ামারা উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক আব্দুল হাই আল হাদী, পৌর যুবদলের আহ্বায়ক হাফিজুর রহমান জিন্নাহ এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। স্মারকলিপি গ্রহণ করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজি আশিক বাহার বিষয়টি দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর আশ্বাস দেন।এদিকে আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, বৃহত্তর কুষ্টিয়া ও পাবনা অঞ্চলের মানুষের যাতায়াতের সুবিধা বিবেচনায় নিয়ে চিত্রা এক্সপ্রেসের রুট পরিবর্তনের সিদ্ধান্ত অবিলম্বে স্থগিত করা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।