বরিশালের উজিরপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে মোশাররফ সিকদার (৬০) নামের এক ব্যক্তির বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে রান্নাঘর, আসবাবপত্রসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার বামরাইল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর মোড়াকাঠী গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত মোশাররফ সিকদার ওই এলাকার মৃত মৌজে আলী সিকদারের ছেলে। বুধবার (১১ নভেম্বর) দুপুরে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করেন উজিরপুর উপজেলার মানবিক উপজেলা নির্বাহী অফিসার মো. আলী সুজা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশাররফ হোসেন। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সহায়তা দেওয়া হয়। ইউএনও মো. আলী সুজা বলেন, অগ্নিকাণ্ডে পরিবারটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে। এ সময় তিনি পরিবারটির দুর্দশা লাঘবে সমাজের বিত্তবান ও ধনাঢ্য ব্যক্তিদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান করেছেন।