চাঁদপুর জেলায় আইনগত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অপরাধ দমনে সাঁড়াশি অভিযান অব্যাহত রেখেছে জেলা পুলিশ। গত ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১৫ জন নেতাকর্মী, ১৩ জন মাদক কারবারি ও মাদকসেবী এবং বিভিন্ন মামলা ও ধারার আসামিসহ মোট ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৩৭ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়। বুধবার (১১ নভেম্বর) চাঁদপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, চাঁদপুর জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় গত ১০ নভেম্বর (মঙ্গলবার) জেলার বিভিন্ন থানা পুলিশ একযোগে এই অভিযান পরিচালনা করে। নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী (১৫ জন): চাঁদপুর সদর মডেল থানায় ৪ জন, ফরিদগঞ্জে ৫ জন, মতলব দক্ষিণে ১ জন, মতলব উত্তুরে ১ জন, হাজীগঞ্জে ২ জন, শাহরাস্তিতে ১ জন এবং কচুয়া থানায় ১ জন গ্রেফতার হয়েছেন।মাদকবিরোধী অভিযান (১৩ জন): বিভিন্ন থানায় অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজা ও ৩৬ পিস ইয়াবাসহ ১৩ জন মাদক কারবারি ও মাদকসেবীকে গ্রেফতার করা হয়। এর মধ্যে চাঁদপুর সদর মডেল থানায় ৬ জন, ফরিদগঞ্জে ৩ জন (২৩ পিস ইয়াবা), মতলব দক্ষিণে ২ জন (১০ পিস ইয়াবা), শাহরাস্তিতে ১ জন (৩ পিস ইয়াবা) এবং হাজীগঞ্জ থানায় ১ জন (২০০ গ্রাম গাঁজা) গ্রেফতার হন। অন্যান্য মামলা ও ধারা: বিভিন্ন নিয়মিত মামলায় ১২ জন এবং বিভিন্ন ধারায় ৯ জনসহ মোট ২১ জন আসামিকে গ্রেফতার করা হয়।
কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পদক্ষেপ: জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মোট ৩৭ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়। এর মধ্যে চাঁদপুর সদর থানায় ৩ জন, হাইমচরে ৫ জন, ফরিদগঞ্জে ৬ জন, মতলব দক্ষিণে ৫ জন, মতলব উত্তুরে ৫ জন, হাজীগঞ্জে ৪ জন এবং কচুয়া থানায় ৯ জন আটক হন।
পুলিশ জানায়, আটককৃত ৩৭ জন কিশোরের মধ্যে যাচাই-বাছাই শেষে ৩৫ জনকে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে এবং বাকি ২ জনের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া অন্যান্য গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।