দেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কারমাইকেল কলেজের ১১০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে উৎসবমুখর পরিবেশে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) শিক্ষক, শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বিশাল র্যালি নগরীর প্রতিষ্ঠানে ক্যাম্পাস ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপরে কলেজ মাঠে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কারমাইকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন মন্ডলের সভাপতিত্বে এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও প্রাক্তন শিক্ষার্থী সামসুজ্জামান সামু, রংপুর জেলা পরিষদের প্রশাসক ও প্রাক্তন শিক্ষার্থী সাইফুল ইসলামসহ অন্যরা। তারা বলেন, প্রাণের শিক্ষা প্রতিষ্ঠান কারমাইকেল কলেজের পড়াশোনা করে আজ অনেকে সরকারের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। উত্তরবঙ্গের শিক্ষার আঁতুরঘর কারমাইকেল কলেজের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের প্রশিক্ষণ প্রদানসহ বিভিন্ন কাজ করার আছে। প্রাক্তন শিক্ষার্থী হিসেবে আমাদের দায়িত্ব এসব কাজে এগিয়ে আসা। তারা আরও বলেন, কারমাইকেল কলেজে এত বছর পর এসে পুরনো স্মৃতি মনে পড়ে গেল। এই ক্যাম্পাসে ছাত্রজীবনের বড় একটি সময় কাটিয়েছি। কারমাইকেল কলেজের উন্নয়নমূলক কার্যক্রমে সকল প্রাক্তন শিক্ষার্থীকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।