খুঁটির বিদ্যুৎ চুরি করে ব্যবহার, বিএনপি নেতার বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

এফএনএস | প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৬, ১২:০৮ পিএম
খুঁটির বিদ্যুৎ চুরি করে ব্যবহার, বিএনপি নেতার বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
ছবি: FNS

 বরিশালের গৌরনদীতে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধভাবে সংযোগ নিয়ে দীর্ঘদিন থেকে ব্যবহারের অভিযোগে বিএনপি নেতা ও পৌরসভার ৮নং ওয়ার্ডের সম্ভ্রাব্য কাউন্সিলর প্রার্থীর বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বৈদ্যুতিক মিটার খুলে নিয়ে গেছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পেয়ে বিএনপি নেতা হুমায়ুন কবিরের বাসার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার খুলে নেওয়া হয়েছে। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করে বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর গৌরনদী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) ইঞ্জিনিয়ার আব্দুল হালিম খান জানিয়েছেন, গৌরনদী পৌরসভার দিয়াশুর মহল্লার বাসিন্দা হুমায়ুন কবির দীর্ঘদিন থেকে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধভাবে সংযোগ নামিয়ে ব্যবহার করে আসছিলেন।

পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিত্বে দিয়াশুর গ্রামের বাসিন্দা হুমায়ুন কবিরের বাড়িতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে অবৈধ সংযোগে ব্যবহৃত বৈদ্যুতিক তার জব্দ করেছেন। এসময় হুমায়ুন কবিরের বাসার বিদ্যুতের মিটারটি খুলে আনা হয়েছে।
ডিজিএম ইঞ্জিনিয়ার আব্দুল হালিম খান আরও জানিয়েছেন, বিষয়টি সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি (ডিজিএম) উল্লেখ করেছেন।
উল্লেখ্য, হুমায়ুন কবির সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় শ্রমিক দলের সদস্য। সম্প্রতি সময়ে দেশে ফিরে সে (হুমায়ুন কবির) আগামী গৌরনদী পৌরসভার নির্বাচনে ৮নং (গেরাকুল ও দিয়াশুর) ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে নিজেকে ঘোষণা দিয়ে প্রচার-প্রচারণা শুরু করেছেন।