চাষের মাছেও মাইক্রোপ্লাস্টিক, ঝুঁকি কমানোর উপায় খুঁজতে হবে

এফএনএস | প্রকাশ: ৯ নভেম্বর, ২০২৬, ০২:৩৭ পিএম
চাষের মাছেও মাইক্রোপ্লাস্টিক, ঝুঁকি কমানোর উপায় খুঁজতে হবে
ছবি: FNS

আমাদের খাবার, পানি ও বাতাসের সঙ্গে অতি ক্ষুদ্র প্লাস্টিক কণা বা মাইক্রোপ্লাস্টিক প্রতিনিয়ত মানবদেহে প্রবেশ করছে, যা স্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি তৈরি করেছে। বিশেষজ্ঞদের মতে, এটি পুরোপুরি এড়ানো সম্ভব না হলেও দৈনন্দিন জীবনে কিছু অভ্যাস পরিবর্তন করে এর ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। বাংলাদেশের মিঠাপানির মাছ চাষের পুকুরের পলি এবং মাছের নমুনায় মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত করেছেন গবেষকেরা। এই গবেষণায় দেখা গেছে, অধিকাংশ পুকুরের তলদেশের পলিতে মাঝারি থেকে উচ্চ মাত্রার দূষণ রয়েছে। এর আগে নদী, সমুদ্র এবং এমনকি ইলিশ মাছেও মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গিয়েছিল, তবে চাষের পুকুরে এ ধরনের সমন্বিত গবেষণা এবারই প্রথম। গবেষকদের মতে, এই তথ্যগুলো জলজ খাদ্যশৃঙ্খলে মাইক্রোপ্লাস্টিকের প্রবেশ প্রক্রিয়া বোঝার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় এই গবেষণাটিতে দেখা যায়Ñ নির্বাচিত ২৫টি পুকুরের প্রতিটি পলির নমুনায় মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। মাছের নমুনায়ও এই ক্ষুদ্র কণাগুলোর উপস্থিতি মিলেছে, যা মৎস্যসম্পদ, পরিবেশ এবং জনস্বাস্থ্যের জন্য সম্ভাব্য ঝুঁকির বিষয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। গবেষণাটির শিরোনাম ‘মাইক্রোপ্লাস্টিক ইন ফ্রেশওয়াটার অ্যাকুয়াকালচার: এভিডেন্স অব সেডিমেন্ট–ফিশ ট্রান্সফার অ্যান্ড অ্যাসোসিয়েটেড ইকোলজিক্যাল রিস্ক ইন বাংলাদেশ’। গবেষকদের দাবি, মিঠাপানির চাষের মাছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে এ ধরনের গবেষণা এই প্রথম, যা দেশের মৎস্যসম্পদের সম্ভাব্য ক্ষতি নিরূপণে বড় ভূমিকা রাখতে পারে। মিঠাপানির মাছ চাষের অন্যতম প্রধান অঞ্চল ময়মনসিংহের ত্রিশাল। এখানে নিবিড় ও আধা নিবিড় পদ্ধতিতে বাণিজ্যিকভাবে মাছ উৎপাদন করা হয়। শীতকালে ২৫টি খামার থেকে নমুনা সংগ্রহ করা হয়। বাংলাদেশ আজ বিশ্বে চাষের মাছ উৎপাদনে অন্যতম শীর্ষস্থানে অবস্থান করছে। কোটি কোটি মানুষের প্রোটিনের চাহিদা পূরণ এবং পুষ্টির জোগান দিতে এই খাতের ভূমিকা অপরিসীম। কিন্তু প্লাস্টিক দূষণের এই ছোবল যদি নিয়ন্ত্রণ করা না যায়, তবে দেশের সফল এই মৎস্য খাত যেমন ভাবমূর্তি-সংকটে পড়বে, তেমনই সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা মারাত্মকভাবে বিঘ্নিত হবে। পুকুরপাড়ে যত্রতত্র পোলট্রি খামার স্থাপন ও প্লাস্টিক বর্জ্য ফেলা অবিলম্বে বন্ধ করতে হবে। মৎস্য অধিদপ্তরকে চাষের মাছের খাদ্য বা ফিডের মান নিয়ন্ত্রণে কঠোর নজরদারি চালাতে হবে। পাশাপাশি দেশের অন্যান্য মাছ চাষ অঞ্চলের পুকুর ও জলাশয়গুলোয়ও বৃহৎ পরিসরে নিয়মিত পরীক্ষা ও মনিটরিং চালানো প্রয়োজন।