"গ্রিন কাপাসিয়া, ক্লিন কাপাসিয়া" কর্মসূচির আওতায় গাজীপুরের কাপাসিয়া, চাঁদপুর ও দূর্গাপুর ইউনিয়নের ৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্নতায় প্রতিযোগিতামূলক কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। ৯ নভেম্বর সোমবার সকালে কাপাসিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুল হক।
কাপাসিয়ার কৃতিসন্তান, বিশিষ্ট শিক্ষানুরাগী আমেরিকা প্রবাসী ফারুক ফকিরের প্রচেষ্টায় গঠিত 'ফারুক ফকির ফাউন্ডেশনের' অর্থায়নে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রমিতা ইসলাম।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা সমবায় অফিসার ও সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক মাহফুজুল আমিন পাপন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অলি ভৌমিক, উপজেলা আইসিটি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, গাজীপুর জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী, আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ফারুক ফকির ফাউন্ডেশনের ম্যানেজিং ডিরেক্টর বিশিষ্ট সাংবাদিক গোলাম সারোয়ার, কর্মসূচির উদ্যোক্তা সদস্য রুবেল ফকির প্রমুখ।
"আমাদের ক্যাম্পাস, পরিচ্ছন্ন রাখিবো বারোমাস" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সার্বিক তত্ত্বাবধানে গ্রিন কাপাসিয়া, ক্লিন কাপাসিয়া কর্মসূচির বাস্তবায়ন করবেন। পর্যায়ক্রমে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির প্রতিযোগিতামূলক সফল বাস্তবায়নে 'ফারুক ফকির ফাউন্ডেশন' অর্থায়ন করবে। আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট প্রাথমিক বিদ্যালয় গুলোর প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।