নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে শেখ হাসিনার আবেদনকে ‘রাজনৈতিক স্টান্টবাজি’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরবেন না। দেশে ফিরতে হলে আইনগতভাবে তাঁর যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সেটিও তিনি নিচ্ছেন না।
সোমবার (৯ নভেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর। তিনি জানান, শেখ হাসিনার দেশে ফেরা ও আত্মসমর্পণের বিষয়ে প্রসিকিউশন টিমের আইনি অবস্থান মঙ্গলবার (১০ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হবে। ওই দিন দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
আমিনুল ইসলাম বলেন, “আপাতত আমার মন্তব্য হলো, তিনি ফিরে আসবেন না এবং এগুলো তাঁর রাজনৈতিক স্টান্টবাজি।” কেন শেখ হাসিনা দেশে ফিরতে চান না এবং তাঁর বর্তমান তৎপরতাকে কেন রাজনৈতিক স্টান্টবাজি বলা হচ্ছে, তা আইনি ব্যাখ্যাসহ আনুষ্ঠানিক ব্রিফিংয়ে তুলে ধরবেন বলেও জানান তিনি।
এর আগে শেখ হাসিনার আইনজীবীরা নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন বলে খবর প্রকাশিত হয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের মাধ্যমে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে শেখ হাসিনার বাংলাদেশি নাগরিকত্ব এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বাধ্যবাধকতার কথা উল্লেখ করে নতুন পাসপোর্ট ও এনআইডি দেওয়ার অনুরোধ জানানো হয়। ২০২৪ সালের ৫ আগস্ট দেশত্যাগের পর বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে এটিই তাঁর পক্ষ থেকে এ ধরনের প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ বলে জানিয়েছে রয়টার্স।
প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনা দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান বলে জানিয়েছেন। তাঁর সহযোগীদের ভাষ্য, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে দেশে ফেরার তারিখ ঘোষণা করা হবে। ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথাও এর আগে জানিয়েছেন তিনি।
তবে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সরকারের অবস্থান ভিন্ন। গত ৫ নভেম্বর পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছিলেন, তাঁকে দেশে ফিরিয়ে আনতে নতুন পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়ার প্রয়োজন নেই। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে ফেরানোর উদ্যোগ নেওয়া হবে।
এ ছাড়া গত ৮ নভেম্বর আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সব আইনি পদক্ষেপ নেবে। ট্রাইব্যুনালের পক্ষ থেকেও দণ্ডিত ও পলাতক আসামিকে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া চলমান থাকার কথা জানানো হয়েছে।
২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের নভেম্বরে শেখ হাসিনাকে তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ের পর থেকে তিনি ভারতে অবস্থান করছেন। নির্বাসনে থাকা শেখ হাসিনা তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।