জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে

এফএনএস (এইচ এম শহীদুল ইসলাম; সিলেট) : | প্রকাশ: ৭ নভেম্বর, ২০২৬, ০৬:৪৮ পিএম
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে
ছবি: FNS

শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সততা, দেশপ্রেম ও স্বজনপ্রীতিমুক্ত নেতৃত্বের আদর্শ অনুসরণ করেই ধ্বংসপ্রায় বাংলাদেশকে পুনর্গঠন করতে হবে। তাঁর নেতৃত্বে একসময় ভগ্নপ্রায় বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছিল। আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছিল এবং অর্থনৈতিক অগ্রগতির নতুন দ্বার উন্মোচিত হয়েছিল।শনিবার (৭ নভেম্বর) বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে সিলেট জেলা ও মহানগর বিএনপি আয়োজিত র‌্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।নগরীর রেজিস্ট্রারি মাঠে আয়োজিত সমাবেশে মন্ত্রী বলেন, দীর্ঘদিন পর যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনের সুযোগ ফিরে এসেছে। ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দীন। ১৯৭৫ সালের ৩ নভেম্বরের অভ্যুত্থানের পর সৃষ্ট পরিস্থিতিতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রত্যাশা থেকেই সশস্ত্র বাহিনীর দেশপ্রেমিক সদস্যরা শহীদ জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করেছিলেন। তিনি বলেন, ৭ নভেম্বরের পর শহীদ জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ নতুনভাবে ঘুরে দাঁড়ায়। তাঁর শাসনামলে বাংলাদেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করে। শিল্পকারখানায় বিনিয়োগ বৃদ্ধি পায়, অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত হয় এবং মুসলিম বিশ্বেও বাংলাদেশের মর্যাদা সুপ্রতিষ্ঠিত হয়। খন্দকার আব্দুল মুক্তাদির আরও বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও নেতৃত্বের পথ অনুসরণ করে দেশ পুনর্গঠনের গুরুদায়িত্ব এখন তাঁর অনুসারীদের ওপর অর্পিত হয়েছে। সততা, দেশপ্রেম, দায়িত্বশীলতা ও স্বজনপ্রীতিমুক্ত মানসিকতাকে ধারণ করে দেশকে কাঙ্ক্ষিত উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হবে। দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, জাতীয়তাবাদী শক্তির অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে নানা ধরনের অপতৎপরতা ও অপপ্রচার হতে পারে। এসব মোকাবিলায় দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে বিএনপি যেভাবে ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখেছে, আগামী দিনেও তা অটুট রাখতে হবে। কোনো অপশক্তি যেন অভীষ্ট লক্ষ্য থেকে বিচ্যুত করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। সমাবেশ পরিচালনা করেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

এ সময় আরও বক্তব্য দেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য এমএ মালিক, সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী ও সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম।

সমাবেশ শেষে রেজিস্ট্রারি মাঠ থেকে একটি বিশাল র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে দিনের কর্মসূচি সম্পন্ন হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের সভাপতি মকসুদ আহমদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু, মহানগর যুবদলের সভাপতি মির্জা সম্রাট হোসেন, সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন দিনার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, সদস্যসচিব শাকিল মুর্শেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুবুল হক চৌধুরী, সদস্যসচিব আফসর খান, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ, মহানগর ছাত্রদলের সভাপতি সদীপ জ্যোতি এষ ও সাধারণ সম্পাদক ফজলে আহসান রাব্বীসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আপনার জেলার সংবাদ পড়তে