চাঁদপুরে অস্বাস্থ্যকর খাবার ও চালে তেল মেশানোর অপরাধে জরিমানা

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৫ নভেম্বর, ২০২৬, ০২:১০ পিএম
চাঁদপুরে অস্বাস্থ্যকর খাবার ও চালে তেল মেশানোর অপরাধে জরিমানা

চাঁদপুর শহরের পুরাণবাজার এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, ফ্রিজে বাসি খাবার সংরক্ষণ, পুরোনো চালে তেল মিশিয়ে চকচকে করে বিক্রি এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে পুরাণবাজারের বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠানে এই অভিযান পরিচালিত হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয় সূত্রে জানা যায়, অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রির উদ্দেশে ফ্রিজে বাসি খাবার সংরক্ষণের দায়ে 'মাস্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট'-কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পুরোনো নিম্নমানের চালে ক্ষতিকর তেল মিশিয়ে তা চকচকে করে বিক্রির অপরাধে 'মেসার্স সেলিম খান অ্যান্ড সন্স'-কে ৩ হাজার টাকা এবং দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় 'মেসার্স মৌলভী ট্রেডার্স'-কে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এই অভিযানে নেতৃত্ব দেন। জরিমানার আদেশের পর অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিকভাবে অর্থ পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম ও প্রতারণা থেকে বিরত থাকার মুচলেকা দেয়। এ সময় অভিযানে জব্দকৃত পচা ও বাসি খাবার তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।

অভিযানকালে ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, সঠিক ক্রয়রসিদ বা ভাউচার সংরক্ষণ, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা টাঙানো, মেয়াদোত্তীর্ণ পণ্য বা ওষুধ বিক্রি না করা এবং অবৈধ মজুদদারি থেকে বিরত থাকার কঠোর নির্দেশনা দেওয়া হয়। অভিযান প্রসঙ্গে সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, জনস্বার্থ রক্ষায় এবং ভেজাল ও অনিয়ম রোধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। অভিযানে চাঁদপুর জেলা পুলিশের একটি চৌকশ দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

আপনার জেলার সংবাদ পড়তে