শাহরুখের জন্মদিনে প্রকাশ পেলো ‘কিং’ সিনেমার প্রথম গান

এফএনএস বিনোদন | প্রকাশ: ২ নভেম্বর, ২০২৬, ০৭:৫৫ পিএম
শাহরুখের জন্মদিনে প্রকাশ পেলো ‘কিং’ সিনেমার প্রথম গান

বলিউড সুপারস্টার শাহরুখ খানের ৬১তম জন্মদিন উপলক্ষে মুক্তি পেয়েছে তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর প্রথম গান। ‘তু মিল যায়ে’ শিরোনামের রোমান্টিক গানটিতে শাহরুখ খানের সঙ্গে পর্দায় দেখা গেছে দীপিকা পাড়ুকোনকে। গানটির সুর করেছেন শচীন-জিগার। এতে কণ্ঠ দিয়েছেন ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরান ও ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। গান প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। গানটিতে শাহরুখ-দীপিকার রসায়ন দর্শকদের নজর কেড়েছে। অনেকেই তাদের জুটি দেখে ‘ওম শান্তি ওম’ সিনেমার কথা মনে করেছেন। পাশাপাশি গানে শাহরুখের শারীরিক গঠন নিয়েও ভক্তদের মধ্যে আলোচনা চলছে। এদিকে শাহরুখের জন্মদিন উপলক্ষে বিশেষ আয়োজন করেছে প্রযুক্তিপ্রতিষ্ঠান গুগল। মুম্বাইয়ের বান্দ্রা-ওরলি সি লিংকে ‘কিং’ সিনেমার প্রচারণায় বিশেষ একটি স্থাপনা প্রদর্শন করা হয়। গভীর রাতে গাড়ি নিয়ে বের হয়ে সেই আয়োজন দেখতে যান শাহরুখ। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আয়োজনের ছবি প্রকাশ করে গুগল জেমিনিকে ধন্যবাদ জানান তিনি। মজা করে শাহরুখ লেখেন, ‘দোস্ত হো তো গুগল জেমিনি জ্যায়সা’Ñঅর্থাৎ বন্ধু হলে গুগল জেমিনির মতো হওয়া উচিত। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। এতে শাহরুখ ও দীপিকা ছাড়াও অভিনয় করেছেন অভিষেক বচ্চন, রানী মুখার্জি, সুহানা খানসহ আরও অনেকে।