বরিশালে এমপি'র বিরুদ্ধে অপপ্রচার, বিএনপির সংবাদ সম্মেলন

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২ নভেম্বর, ২০২৬, ০৪:৩০ পিএম
বরিশালে এমপি'র বিরুদ্ধে অপপ্রচার, বিএনপির সংবাদ সম্মেলন

বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু সহ দলের নেতৃবৃন্দকে হেয় প্রতিপন্ন করতে অসত্য কুরুচিপূর্ণ বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমসহ একটি বেসরকারি টিভির অনলাইন পোর্টাল ও বিভিন্ন আঞ্চলিক পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

উজিরপুর উপজেলা বিএনপির আয়োজনে সোমবার (২ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন খানের বাসভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন খান বলেন, গত ৩০ অক্টোবর পলাশ কুন্ড নামের এক ব্যক্তি তার ফেসবুক থেকে ভিডিও প্রচার করেন। ওই ভিডিওতে তিনি বলেন, তাকে (পলাশ কুন্ড) ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত শোলক ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হতে তার পক্ষে মতামত প্রদান কার্যক্রমে অংশগ্রহন করতে না দিয়ে লাঞ্চিত করে প্রার্থীতা বাতিল করে দেয়।

সংবাদ সম্মেলনে উজিরপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে দাবী করা হয়, ৩০ অক্টোবর উজিরপুর উপজেলা বিএনপি নয়টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হতে আগ্রহীদের স্ব-স্ব ইউনিয়নের ওয়ার্ড কমিটির মনোনীত নেতা কর্মীর মতামত প্রদান কার্যক্রমে পলাশ কুন্ডু শোলক ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেন। এসময় উপস্থিত শোলক ইউনিয়ন বিএনপির নেতারা আপত্তি করে বলেন তিনি (পলাশ কুন্ডু) বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সাথে সম্পৃক্ত নয় এবং তিনি বিগত সময়ে আওয়ামী লীগের কমিটির সাথে জড়িত ছিলেন। পাশাপাশি সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে কাজ করেছেন। এ অভিযোগের ভিত্তিত্বে শোলক ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা প্রবল আপত্তি করলে তাকে (পলাশ) ওই মতামত প্রদান কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ প্রদান করা হয়। এসময় তিনি (পলাশ কুন্ডু) অন্য প্রার্থীর পক্ষে থাকার জন্য চেষ্টা করলে বাগবিতন্ডার সৃষ্টি হয়। 

পরে পলাশ কুন্ডু সভাস্থল থেকে বের হয়ে রাস্তায় দাঁড়িয়ে নানা ধরনের আপত্তিকর বক্তব্য উপস্থাপন করে। পাশাপাশি তিনি সাম্প্রদায়িকতা উস্কে দিয়ে কুরুচিপূর্ণ ভাষার প্রয়োগ করেন। সংবাদ সম্মেলনে আরো উল্লেখ করা হয়, পলাশ কুন্ডু সুশৃঙ্খল উপজেলা বিএনপিতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে এবং ফ্যাসিবাদের মদদপুষ্ট হয়ে আজ্ঞাবহ মিডিয়ার মাধ্যমে সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু ও উপজেলা বিএনপিকে জড়িয়ে মনগড়া সংবাদ প্রকাশ করিয়েছে। প্রকাশিত ওই সংবাদে উপজেলা বিএনপির ও সংসদ সদস্যর কোন মতামত প্রদানের সুযোগ দেয়া হয়নি। ফলে প্রকাশিত সংবাটি মনগড়া বানোয়াট ভিত্তিহীন বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।

অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উজিরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস.এম আলাউদ্দিন, সহ-দপ্তর সম্পাদক মাহমুদ সবুজ, পৌর বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মোস্তফাজ্জামান সুমন বালী, সদস্য এমদাদুল কাশেম সেন্টুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে