লৌহজংয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক পরিবেশনা ও পুরস্কার বিতরণী

এফএনএস (আবু নাসের খান লিমন; লৌহজং, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ১ নভেম্বর, ২০২৬, ০৬:১৩ পিএম
লৌহজংয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক পরিবেশনা ও পুরস্কার বিতরণী

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে মুন্সিগঞ্জের লৌহজংয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক পরিবেশনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

রবিবার (১ নভেম্বর) বিকাল সাড়ে ৩ টায় লৌহজং  উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-২ (লৌহজং-টঙ্গিবাড়ী) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লৌহজং উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ববি মিতু। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া আক্তার শিলা।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন লৌহজং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরা আক্তার।

আরও বক্তব্য রাখেন সরকারী লৌহজং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুর রহমান শিকদার, লৌহজং থানা অফিসার ইনচার্জ মো. বোরহান উল ইসলাম। আরও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম শুভ আহাম্মেদ ও ওমর ফারুক অবাক, লৌহজং উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মুক্তার হোসেন, লৌহজং পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম শবনম ফোয়ারা খান, উপজেলা এলজিইডি প্রকৌশলী শান্তনু ঘোষ সাগর, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. কামরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. এনায়েত হোসেন, সহকারী শিক্ষা অফিসার মো. লুৎফর রহমান, হলদিয়া সরকারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, লৌহজং উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু নাসের খান লিমন, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম রাকিব, বিএনপি নেতা মনির হোসেনসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহ-শিক্ষক  ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।

অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। নজরুলের কালজয়ী সাহিত্যকর্ম, দেশাত্মবোধক গান, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার গুরুত্ব তুলে ধরাই ছিল এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

আয়োজকরা মনে করেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম ও জীবনাদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি সাংস্কৃতিক চর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে উৎসাহিত করবে। লৌহজং উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠান স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনে নজরুলচর্চা ও সাহিত্য-সংস্কৃতির বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে