চাঁদপুরে পচা ও নষ্ট ইলিশ সংরক্ষণের দায়ে ব্যবসায়ীকে জরিমানা

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১ নভেম্বর, ২০২৬, ১১:৫৯ এএম
চাঁদপুরে পচা ও নষ্ট ইলিশ সংরক্ষণের দায়ে ব্যবসায়ীকে জরিমানা

চাঁদপুর শহরের বড় স্টেশন মাছঘাটে পচা ও নষ্ট ইলিশ মাছ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের দায়ে মো. নজরুল ইসলাম নামের এক মাছ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।​শনিবার (৩১ অক্টোবর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী পচা ও নষ্ট ইলিশ সংরক্ষণের অপরাধে অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ জরিমানার আদেশ দেন।​অভিযুক্ত ব্যবসায়ী নজরুল ইসলাম তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম করবেন না মর্মে মুচলেকা ও অঙ্গীকার করেন। পরে অভিযানে জব্দ করা পচা ও নষ্ট ইলিশ মাছগুলো ঘটনাস্থলেই মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মা ইলিশ সংরক্ষণে সরকারের চলমান ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালে নদী ও সাগর থেকে কিছু অসাধু চক্র গোপনে ইলিশ শিকার করে। পর্যাপ্ত বরফ বা সংরক্ষণের ব্যবস্থা না থাকায় ওই সময় ধরা পড়া মাছগুলো নষ্ট হয়ে যায়। সম্প্রতি নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরদিনই সেই অবৈধ ও পচা মাছের একটি অংশ গোপনে চাঁদপুর মাছঘাটে আনা হয়েছিল।অভিযানকালে মাছ ব্যবসায়ীদের ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, যৌক্তিক মূল্যে মাছ বিক্রি, পচা বা বাসি মাছ বাজারজাত না করা এবং ওজনে কম না দেওয়ার বিষয়ে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়। পাশাপাশি ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।​জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) প্রতিনিধি, চাঁদপুর পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর বেলায়েত হোসেন রাজু, স্থানীয় মৎস্য ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এবং জেলা পুলিশের একটি টিম অভিযানে সার্বিক সহযোগিতা করে।​ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থ সুরক্ষা এবং বাজারে অনিয়ম রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে