নীলফামারীর সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস। শনিবার ৩১ অক্টোবর তিনি হাসপাতাল পরিদর্শনকালে সার্বিক স্বাস্থ্যসেবা কার্যক্রম, রোগীদের চিকিৎসার মান এবং হাসপাতালের পরিবেশ সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে মহাপরিচালক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে তাঁদের চিকিৎসাসেবার খোঁজখবর নেন। রোগীরা সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ পাচ্ছেন কি না এবং সেবা নিতে গিয়ে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন কি না, সে বিষয়ে তাঁদের মতামত শোনেন।
এ সময় তিনি হাসপাতালের চিকিৎসক, নার্স, টেকনোলজিস্টসহ কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। হাসপাতালের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা, রোগীদের সেবাপ্রাপ্তি এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।
এ ছাড়া হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের পরিষ্কার-পরিচ্ছন্নতা, সিটিজেন চার্টারের যথাযথ প্রদর্শন ও বাস্তবায়ন এবং রোগীদের জন্য প্রয়োজনীয় ওষুধের সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তিনি। এ সময় হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখা, সিটিজেন চার্টারে উল্লেখিত সেবাসমূহ নিশ্চিত করা এবং রোগীদের প্রয়োজনীয় ওষুধের সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। হাসপাতালের বিদ্যমান সেবার মান ও ব্যবস্থাপনা সরেজমিনে পর্যালোচনা এবং রোগীবান্ধব, পরিচ্ছন্ন ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে এ পরিদর্শন করা হয়।