রাজশাহীর গোদাগাড়ীতে রক্ষাগোলার সদস্যদের রাসায়নিক সার ব্যবহারে পূর্বসতর্কতা এবং পরিবেশবান্ধব উপায়ে ফসলের রোগবালাই দমন পদ্ধতিবিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) কাকনহাটে অবস্থিত সিসিবিভিওর শাখা কার্যালয়ের প্রশিক্ষণকক্ষে এ প্রশিক্ষণ শেষ হয়। সিসিবিভিও, রাজশাহীর আয়োজনে এবং জার্মানির ব্রেড ফর দ্য ওয়ার্ল্ডের সহযোগিতায় অনুষ্ঠিত প্রশিক্ষণে তিনটি পৃথক ব্যাচে মোট ১০৮ জন রক্ষাগোলা সদস্য অংশ নেন।
প্রশিক্ষণে রাসায়নিক বালাইনাশকের ক্ষতিকর দিক, জৈব বালাইনাশকের গুরুত্ব, ঘরে সহজে তৈরি করা যায় এমন জৈব বালাইনাশকের উপকরণ ও প্রস্তুতপ্রণালি, ব্যবহারিক প্রয়োগ এবং ব্যবহারের সময় প্রয়োজনীয় সতর্কতা সম্পর্কে আলোচনা করা হয়। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের রাসায়নিক বালাইনাশকের ওপর নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব পদ্ধতিতে ফসলের রোগবালাই দমনের বিষয়ে ধারণা দেওয়া হয়। পাশাপাশি সহজলভ্য উপকরণ ব্যবহার করে জৈব বালাইনাশক তৈরির কৌশল ও সঠিক প্রয়োগপদ্ধতি সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণে সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন সিসিবিভিওর ঊর্ধ্বতন কর্মসূচি কর্মকর্তা সৌমিক ডুমরী। রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা জুয়েল রানা। কৃষিতে পরিবেশবান্ধব পদ্ধতির ব্যবহার বাড়ানো, ফসলের রোগবালাই দমনে নিরাপদ কৌশল সম্পর্কে সচেতনতা তৈরি এবং কৃষকদের জন্য সহজলভ্য জৈব বালাইনাশক ব্যবহারের ধারণা ছড়িয়ে দেওয়াই এ প্রশিক্ষণের মূল লক্ষ্য বলে আয়োজক সূত্রে জানা গেছে।