দিনাজপুরের নবাবগঞ্জে আদিবাসী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, আর্থিক অন্তর্ভুক্তি এবং ক্ষুদ্রঋণ কার্যক্রমের সমস্যা ও সম্ভাবনা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। এতে সহজ শর্তে ঋণপ্রাপ্তি, কর্মসংস্থান সৃষ্টি ও ক্ষুদ্র ব্যবসায় বিনিয়োগের সুযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের রাজবাড়ি গ্রামে মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির উদ্যোগে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর ৭০ জন সদস্য, ক্ষুদ্রঋণগ্রহীতা, বিভিন্ন এনজিওর প্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।
গণশুনানিতে অংশগ্রহণকারীরা ক্ষুদ্রঋণ গ্রহণের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা, কিস্তি পরিশোধের চাপ, ঋণের যথাযথ ব্যবহার এবং সেবাদানকারী প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। পাশাপাশি আদিবাসী জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন, আয়বর্ধক কর্মকাণ্ড সমপ্রসারণ এবং আর্থিক সেবায় তাদের অংশগ্রহণ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান ড. মো. হেলাল উদ্দিন, যুগ্ম পরিচালক মো. ফরিদুল হক, উপপরিচালক লায়লা জাবীন এবং গ্রাম বিকাশ কেন্দ্রের পরিচালক অসীম রাউতসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
গণশুনানির মাধ্যমে আদিবাসী জনগোষ্ঠীর ক্ষুদ্রঋণসংক্রান্ত সমস্যা ও প্রত্যাশা তুলে ধরার পাশাপাশি তাদের জীবনমান উন্নয়নে আর্থিক অন্তর্ভুক্তি ও কর্মসংস্থানের সুযোগ সমপ্রসারণের বিষয়টি গুরুত্ব পায়।