অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে এবার নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় কোনো প্রকার অর্থ ছাড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পে ফিক্সেশন সম্পন্ন করা হয়েছে। উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা পেয়ার মোহাম্মদ-এর ঐকান্তিক কর্মপরততার কারণে এবার হাতিয়ার ১৪শ' সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পে ফিক্সেশন সম্পূর্ণ বিনামূল্যে সম্পন্ন করেছে উপজেলা হিসাব রক্ষণ অফিস। জানা গেছে, অতীতে নতুন পে স্কেলে যেকোনো পে- ফিক্সেশন সম্পন্ন করতে শিক্ষকদের অতিরিক্ত অর্থ বা খরচ প্রদান করতে হতো। বর্তমান উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তার এই মহৎ উদ্যোগের ফলে সেই দুর্ভোগ ও অতিরিক্ত খরচের হাত থেকে রক্ষা পেয়েছেন দ্বীপের শিক্ষকরা। এই অনন্য ও জনবান্ধব কাজের জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তাকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে। স্থানীয় শিক্ষকদের মতে, বর্তমান হিসাব রক্ষণ কর্মকর্তা অত্যন্ত দক্ষ, সৎ, কর্মঠ, মিষ্টিভাষী ও সদালাপী। সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি তিনি অবসরে শিল্প ও সংস্কৃতি চর্চা করে থাকেন। এমন একজন সৎ ও জনবান্ধব কর্মকর্তা পাওয়া সত্যিই বিরল বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা।