ফের উত্তেজনা ভারত-চীন সীমান্তে

এফএনএস বিদেশ | প্রকাশ: ২৯ অক্টোবর, ২০২৬, ০৯:২৪ এএম
ফের উত্তেজনা ভারত-চীন সীমান্তে

ভারত ও চীনের মধ্যে দীর্ঘদিনের সীমান্ত উত্তেজনা নতুন করে মাথাচাড়া দিয়েছে। ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় অরুণাচল প্রদেশের ‘বিতর্কিত’ সীমান্তের একাধিক স্থানে দুই দেশের সেনাদের মুখোমুখি অবস্থানের কথা স্বীকার করেছেন ভারতের সীমান্ত পুলিশের প্রধান। তার এই বিরল প্রকাশ্য বক্তব্যে দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে ভঙ্গুর শান্তি বজায় থাকা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। ভারত-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি)-এর মহাপরিচালক শত্রুজিৎ সিং কাপুর জানিয়েছেন, গত জুলাইয়ে ভারতীয় ও চীনা সেনাদের মধ্যে এই মুখোমুখি অবস্থানের ঘটনা শুরু হয়। অরুণাচল প্রদেশের যেসব এলাকাকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে চীন, সেসব স্থানে উত্তেজনা এখনও অব্যাহত রয়েছে বলে জানান তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, গত মাসে তাদের প্রকাশিত এক প্রতিবেদনে প্রথম এই সীমান্ত উত্তেজনার কথা সামনে আসে। তবে তখন ভারতীয় সেনাবাহিনী ওই প্রতিবেদনে উত্থাপিত অভিযোগ অস্বীকার করেছিল। এবার সীমান্ত পুলিশের প্রধানের বক্তব্যে প্রথমবারের মতো বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হলো। ভারত ও চীনের মধ্যে ২০২০ সালে প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষের পর থেকে উত্তেজনা কমাতে কূটনৈতিক ও সামরিক পর্যায়ে দীর্ঘ আলোচনা চলছে। কিন্তু নতুন করে সেনাদের মুখোমুখি অবস্থানের ঘটনা সেই প্রচেষ্টার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে।