মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ঐতিহ্যবাহী ২৭ নং দক্ষিণ কান্দি বাউশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ৫ জন কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে বিদ্যালয়ের ২৩০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। সৌদি আরব প্রবাসী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ দোলন মুন্সীর একক উদ্যোগ ও অর্থায়নে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ হিসেবে খাতা ও কলম বিতরণ করা হয়। সমাজসেবামূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে মোঃ দোলন মুন্সী তার ব্যক্তিগত উদ্যোগে মধ্যম কান্দি গ্রামকে আলোকিত করার জন্য গ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ৬টি সোলার প্যানেল স্থাপন করেছেন।
তিনি জানান, ২৭ নং দক্ষিণ কান্দি বাউশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে তার এই সহযোগিতা আগামীতেও অব্যাহত থাকবে। পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে নিজ এলাকার সার্বিক উন্নয়নে আরও নানা পদক্ষেপ নিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। ইতিপূর্বেও তিনি গ্রামের উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সোলায়মান এর সঞ্চালনায় ও পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ২৭ নং দক্ষিণ কান্দি বাউশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ খোকন প্রধান, বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ মোস্তফা প্রধান, ৬৬ নং খায়রুন্নেছা বক্তারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ (গজারিয়া উপজেলা শাখা) এর সাধারণ সম্পাদক মোঃ শাখাওয়াত হোসেন এবং বিশিষ্ট সমাজসেবক মোঃ জাকির হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং এলাকার উন্নয়নে ও শিক্ষার প্রসারে প্রবাসী মোঃ দোলন মুন্সীর এই মহতি উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।