রাজশাহীর তানোর উপজেলায় দিগন্ত জোড়া মাঠে এখন শোভা পাচ্ছে আমন ধানের আধাপাকা সোনালী শীষ। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় এবং বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ না হওয়ায় এবার উপজেলায় আমনের বাম্পার ফলনের উজ্জ্বল সম্ভাবনা দেখা দিয়েছে। মাঠে মাঠে শেষ মুহূর্তের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি রোপা আমন মৌসুমে তানোরের ৭টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ২২ হাজার ৭১ হেক্টর জমিতে আমন চাষ করা হয়েছে, যা গত বছরের চেয়ে বেশি। মাঠে স্বর্ণা, ব্রি-ধান-৫১, ৯৩, ৯৪, ৭১, ৭৫, ৮৭ ও ১০৩ আর কাটারিভোগ অন্যতম। কাটারিভোগসহ বিভিন্ন জাতের ধান চাষ হয়েছে। ক্ষতিকর পোকা দমনে পরিবেশবান্ধব ‘পার্চিং পদ্ধতি’ ব্যবহারে কৃষকদের ব্যাপক সাড়া পাওয়া গেছে।
পাঁচন্দর ইউনিয়নের ধান চাষি আব্দুর রহমান জানান, এবার রোগবালাই ও পোকার আক্রমণ অনেক কম। কৃষি কর্মকর্তাদের পরামর্শে নিয়মিত পরিচর্যা করা হয়েছে। ধানের বর্তমান বাজারদর ভালো থাকলে এবার লাভবান হওয়া যাবে বলে আশাবাদী স্থানীয় কৃষকেরা।
তানোর উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহমেদ জানান, চলতি মৌসুমে আমন চাষের লক্ষ্যমাত্রা সফলভাবে অর্জিত হয়েছে। মাঠের যে অবস্থা, তাতে শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে কৃষকেরা এবার রেকর্ড পরিমাণ ধান ঘরে তুলবেন। আর মাত্র কিছুদিন পরেই তানোরে সোনালী ধান কাটার মহোৎসব শুরু হতে যাচ্ছে।