ছিনতাইকারীর কবলে সাংবাদিক দম্পতি

এফএনএস (প্রতিবেদক): | প্রকাশ: ২৪ অক্টোবর, ২০২৬, ০৭:৫১ পিএম
ছিনতাইকারীর কবলে সাংবাদিক দম্পতি

রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের শিকার হয়েছেন দৈনিক আমাদের সময়ের অপরাধ বিভাগের প্রধান শাহজাহান আকন্দ শুভ ও তার স্ত্রী। শনিবার সকাল সোয়া সাতটার দিকে শ্যামলী শিশুমেলার বিপরীত পাশের ফুটওভার ব্রিজের নিচে এ ঘটনা ঘটে।

ছিনতাইকারীরা তাদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন, ব্যাংকের ডেবিট কার্ড ও মেট্রোরেলের কার্ডসহ মূল্যবান মালামাল নিয়ে গেছে। এসময় ভুক্তভোগী সাংবাদিকের স্ত্রী হাতে আঘাত পেয়েছেন।

শাহজাহান আকন্দ শুভ জানান, পারিবারিক জরুরি প্রয়োজনে স্ত্রীকে কুষ্টিয়াগামী বাসে তুলে দিতে সকালে তারা আজিমপুর থেকে অটোরিকশাযোগে কল্যাণপুরের উদ্দেশ্যে রওনা হন। তাদের বহনকারী অটোরিকশাটি শিশুমেলার বিপরীত পাশের সড়কে পৌঁছালে পিছন থেকে আসা একটি মোটরসাইকেলে থাকা দুই ছিনতাইকারী তার স্ত্রীর হাতে থাকা ভ্যানিটি ব্যাগ ধরে টান দেয়। মুহূর্তের মধ্যে মালামালসহ ব্যাগটি ছিনিয়ে নিয়ে দুর্বৃত্তরা দ্রুত শ্যামলীর দিকে পালিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, শ্যামলী ও এর আশপাশ এলাকায় এর আগেও একাধিক ছিনতাইয়ের ঘটনায় প্রাণহানির মতো ঘটনা ঘটেছে। একই এলাকায় বারবার এমন অপরাধ সংঘটিত হওয়ায় স্থানীয় ও পথচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হালিম জানান, খবর পেয়ে পুলিশের একাধিক টিম জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের অভিযান শুরু করেছে। দুষ্কৃতকারীদের পরিচয় নিশ্চিত করতে অপরাধস্থলের আশপাশের একাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে বলেও জানান তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে