ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলার ৫ নম্বর লংগাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও দক্ষিণ গফরগাঁও উপজেলা জাসাসের আহ্বায়ক প্রভাষক নাসির উদ্দিনের উঠান বৈঠক জনসভায় রূপ নিয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাইজবাড়ী বাজার এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠককে কেন্দ্র করে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলের নেতাকর্মী ও সাধারণ নারী-পুরুষসহ এলাকাবাসী বৈঠকস্থলে জড়ো হন।একপর্যায়ে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে উঠান বৈঠকটি জনসভায় পরিণত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী ও দক্ষিণ গফরগাঁও উপজেলা জাসাসের আহ্বায়ক প্রভাষক নাসির উদ্দিন বলেন, ‘আমি আপনাদের কাছে এসেছি দোয়া ও ভালোবাসা নেওয়ার জন্য। আজকের এই উপস্থিতি প্রমাণ করে আপনারা আমাকে অনেক ভালোবাসেন। আপনাদের ভালোবাসা নিয়ে আমি ইউনিয়নবাসীর জন্য খাদেম হয়ে কাজ করতে চাই।’ তিনি আরও বলেন, আপনাদের সহযোগিতায় মাদক ও সন্ত্রাসমুক্ত আধুনিক লংগাইর ইউনিয়ন গড়ে তুলতে চাই।প্রভাষক নাসির উদ্দিন বলেন, ‘আমার অতীতের কর্মকাণ্ড ও ব্যক্তিত্ব বিশ্লেষণ করে আপনাদের পাশে থাকার সুযোগ দিতে আপনারা আমাকে দোয়া ও সমর্থন করবেন।’ বৈঠকে তিনি দলের আদর্শ ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ইউনিয়নবাসীর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমির উদ্দিন পালোয়ান। বিএনপি নেতা মোঃ মোশারফ হোসেনের সভাপতিত্বে এ উঠান বৈঠকে স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনী কৌশল এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে বক্তব্য রাখেন, বিএনপি নেতা আমিনুল ইসলাম বাবুল, আসাদুজ্জামান লিটন খাঁন, রিপন শেখ, লংগাইর ইউনিয়ন যুবদল সভাপতি আনোয়ার হোসেন ঢালী, ইউনিয়ন সাবেক ছাত্রদল সভাপতি এমদাদুল হক সবুজ, কৃষক দলের সভাপতি নুরুল আমিন ব্যাপারী, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল কুদ্দুস নবু, মোঃ মুন্না, মিরজাহান মন্ডল, যুবদল নেতা তাজম্মুল হোসেন, সোহেল মিয়া, বিপুল, খোকন, মাসুম, লিটন, সাইফুল মুন্সি, প্রিন্স, মিল্লাত, রফিক, ছাত্রদল নেতা খালিদ হাসান মাসুম, নাহিদুল ইসলাম অনিক, শাহরিয়ার তানিন, সোহেল খান, কর্নেল, শ্রমিকদল নেতা বরকত, জাসাস নেতা রিপন, সালাম সহ লংগাইর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ। এছাড়াও ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। বৈঠকে বক্তারা নির্বাচনে প্রভাষক নাসির উদ্দিনের পক্ষে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।