এ সাতক্ষীরার তালা উপজেলায় বিজয়া দশমীর প্রতিমা বিসর্জন উপলক্ষে আয়োজিত সিঁদুর খেলা চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে তন্নী দে (২০) নামের এক নববধূর মৃত্যু হয়েছে। বুধবার বিজয়া দশমীর রাতে উপজেলার কুমিরা বাসস্ট্যান্ড সর্বজনীন পূজামণ্ডপে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত তন্নী দে তালা উপজেলার কুমিরা এলাকার অমিত ডেকোরেটরের মালিক মহাদেব দের একমাত্র কন্যা। প্রায় এক বছর আগে যশোরের কেশবপুর উপজেলার মূলগ্রামের মৃদুলের সঙ্গে তাঁর বিয়ে হয়। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে তিনি পাটকেলঘাটা থানার কুমিরা গ্রামে বাবার বাড়িতে এসেছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিজয়া দশমীতে কুমিরা বাসস্ট্যান্ড সর্বজনীন পূজামণ্ডপে অন্যান্য নারীদের সঙ্গে সিঁদুর খেলায় অংশ নেন তন্নী। আনন্দ-উচ্ছ্বাসের একপর্যায়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাঁকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। রাতে তাঁর মরদেহ কুমিরা গ্রামে পৌঁছালে পরিবার, স্বজন ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে।
এ বিষয়ে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলা হয়েছে যে মরদেহ বর্তমানে কুমিরা গ্রামে তাঁর বাবার বাড়িতে রয়েছে।##