যুব উন্নয়নের প্রশ্নফাঁসে গ্রেপ্তার বিএআরসির সহকারী পরিচালক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২১ অক্টোবর, ২০২৬, ০৩:৩৮ পিএম
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে গ্রেপ্তার বিএআরসির সহকারী পরিচালক

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় করা মামলায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) সহকারী পরিচালক সোহাগ ফকিরকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে দুটি স্মার্টফোনসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।

সিআইডির সাইবার পুলিশ সেন্টারের বিশেষ পুলিশ সুপার (সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনস) মো. জাহিদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। সিআইডির কর্মকর্তারা জানান, নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মামলায় সোহাগ ফকিরের সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর রাজৈর থানা পুলিশের সহায়তায় তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে ঢাকায় নেওয়ার কথা রয়েছে।

এর আগে একই নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় পাঁচ সরকারি কর্মচারীসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়। তদন্তসংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, তাঁদের কাছ থেকে প্রশ্নপত্র, বিভিন্ন পরীক্ষার প্রবেশপত্র, সনদপত্র, ব্যাংকের চেক, স্ট্যাম্প, জাতীয় পরিচয়পত্র ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছিল।

পরীক্ষা শুরুর আগেই প্রশ্নফাঁস, স্থগিত নিয়োগ পরীক্ষা

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পদের ২৪২টি শূন্যপদে নিয়োগের জন্য গত ১০ অক্টোবর বাছাই পরীক্ষা হওয়ার কথা ছিল। এ পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন ৩ লাখ ১৯ হাজার চাকরিপ্রার্থী।

তবে পরীক্ষা শুরুর আগেই প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি নিশ্চিত হওয়ায় কর্তৃপক্ষ পরীক্ষা স্থগিত করে। এ ঘটনায় ১১ অক্টোবর রাজধানীর মতিঝিল থানায় মামলা করা হয়। সেই মামলার তদন্তের অংশ হিসেবেই সোহাগ ফকিরকে গ্রেপ্তার করেছে সিআইডি।

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সোহাগ ফকিরের কী ধরনের সম্পৃক্ততা ছিল, তা তদন্তের মাধ্যমে আরও স্পষ্ট হবে। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে জব্দ করা দুটি স্মার্টফোনসহ অন্যান্য আলামতও তদন্তে পরীক্ষা করে দেখা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে