বাঁচা-মরার লড়াইয়ে আফগানদের মুখোমুখি হচ্ছে টাইগাররা

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ২১ অক্টোবর, ২০২৬, ০৯:০২ এএম
বাঁচা-মরার লড়াইয়ে আফগানদের মুখোমুখি হচ্ছে টাইগাররা

সংযুক্ত আরব আমিরাতে চলমান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে ওঠার লড়াইয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ। তাদের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে দুর্দান্ত ফর্মে থাকা আফগানিস্তান। উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানে হারের পর বাংলাদেশ সামনে এখন বাঁচা-মরার লড়াই। আজ বুধবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে তারা। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় শুরু হবে ম্যাচটি। সাম্প্রতিক মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান বলছে, আফগানিস্তানকে হারানো বাংলাদেশের জন্য সহজ হবে না। ওয়ানডেতে দুই দল এখন পর্যন্ত ২২ বার মুখোমুখি হয়েছে। উভয় দলই জিতেছে ১১টি করে ম্যাচ। তবে সর্বশেষ ছয় লড়াইয়ের পাঁচটিতেই জয় পেয়েছে আফগানিস্তান। এই পাঁচটি জয়ই এসেছে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ও আবুধাবিতে। ২০২৪ সালে শারজাহতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। ২০২৫ সালেও তাদের দুর্দশা অব্যাহত থাকে। সে বছর আবুধাবিতে তিন ম্যাচের সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে আফগানিস্তান। ওই সিরিজে একটি ম্যাচে ২০০ রানের বড় ব্যবধানে হারের লজ্জাও পায় বাংলাদেশ। ২০২৫ সালের ১৪ অক্টোবর অনুষ্ঠিত সেই ম্যাচে প্রথমে ব্যাট করে আফগানিস্তান ৯ উইকেটে ২৯৩ রান সংগ্রহ করে। জবাবে মাত্র ৯৩ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। সেই হারের এক বছর ছয় দিন পর আবারও ওয়ানডেতে আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এবার আগের ফল পাল্টে দেওয়ার প্রত্যাশা তাদের। চলতি মাসের শুরুতে দুই দল একটি টেস্ট ম্যাচেও মুখোমুখি হয়েছিল। কঠিন অবস্থায় পড়েও ম্যাচটি ড্র করে আফগানিস্তান। ওয়ানডে লড়াইয়ের আগে এই ফল তাদের বাড়তি মানসিক সুবিধা দিতে পারে। নিয়মিত অধিনায়ক লিটন দাস কোমরের চোটে পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ায় ইতোমধ্যে ধাক্কা খেয়েছে বাংলাদেশ। তবে জ্বরের কারণে প্রথম ম্যাচে খেলতে না পারা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ এই ম্যাচে দলে ফিরতে পারেন।