মুলাদীতে অপহরণের ছয় মাস পর নারায়ণগঞ্জ থেকে স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার-২

এফএনএস (মোঃ আরিফুল হক তারেক; মুলাদী, বরিশাল) : | প্রকাশ: ২০ অক্টোবর, ২০২৬, ০৫:৩১ পিএম
মুলাদীতে অপহরণের ছয় মাস পর নারায়ণগঞ্জ থেকে স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার-২

বরিশালের মুলাদীতে অষ্টম শ্রেণিপড়ুয়া এক স্কুলছাত্রীকে (১৫) অপহরণের ঘটনায় দায়ের হওয়া মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১। গতকাল সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেপ্তার ও অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার যুবকেরা হলেন মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের আলিমাবাদ গ্রামেরমৃত জালাল উদ্দীন ভূইয়ার ছেলে মো. আসলাম ভুইয়া (৩০) ও একই গ্রামের মেজবা উদ্দীনের ছেলে মো. সজিব (২০)।

মামলার সূত্রে জানা গেছে, গত ২১ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের আলিমাবাদ গ্রামে ভুক্তভোগীর বাড়ির সামনের রাস্তা থেকে স্কুলছাত্রীকে অপহরণ করা হয়। ওই ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে গত ২৪ এপ্রিল তিনি মুলাদী থানায় সাধারণ ডায়েরি (জিডি নং ৯৬৮) করেন। 

 পরে গত ২ মে সকালে মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ তা গ্রহণ না করে তাকে আদালতে যেতে পরামর্শ দিলে তিনি বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। গত ২৯ জুন ট্রাইব্যুনালের বিচারক জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মোহাম্মদ রকিবুল ইসলাম মামলাটি আমলে নিয়ে নিয়মিত মামলা রুজু করতে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।

আদালতের নির্দেশে 

গত ১ জুলাই মুলাদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়। মামলায় উপজেলার বাটামারা ইউনিয়নের আলিমাবাদ গ্রামের মৃত জালাল উদ্দীন ভূইয়ার ছেলে আসলাম ভুইয়া (৩০), মো. ইউসুফ ভুইয়া (৪০), তসলিম ভুইয়া (৩৮), স্ত্রী বেগম বিবি (৫৫) এবং মেজবাউদ্দীনের ছেলে সজিবকে (২০) আসামি করা হয়। মামলার পর আসামিরা এলাকা ছেড়ে পালিয়ে যান। 

 পুলিশ ও এসআরবি তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় অপহরণের ছয় মাসেরও বেশি সময় পর কিশোরী উদ্ধার ও দুই আসামি গ্রেপ্তার করা হয়। 

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মো. সোহেল রানা জানান, এসআরবির সহায়তায় অপহরণ মামলার দুই আসামি গ্রেপ্তার এবং স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ছাত্রীর বক্তব্য, পরীক্ষা ও চিকিৎসা-সংক্রান্ত প্রক্রিয়া আইন অনুযায়ী সম্পন্ন করা হবে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে