নীলফামারীর সৈয়দপুরে মায়ের রেখে যাওয়া বসতবাড়ি দখলের অভিযোগ উঠেছে বড় ভাই আকবর আলীর বিরুদ্ধে। বাড়িটি নিজের নামে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও দীর্ঘদিন ধরে তা বুঝে পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন ছোট বোন তাবাসুম। এ ঘটনায় তিনি সমাজপতিসহ সংশ্লিষ্টদের কাছে বিচার দাবি করেছেন। ২০ অক্টোবর সৈয়দপুর শহরের গোলাহাট এক নম্বর ক্যাম্প এলাকায় এ অভিযোগ করেন তাবাসুম। এ সময় তাঁর স্বামী আমজাদ আলী সঙ্গে ছিলেন। তাবাসুমের অভিযোগ, তাঁর বাবা আকতার আলী ও মা সালেহা খাতুন দুজনই মারা গেছেন। তাঁরা দুই ভাই ও এক বোন। মা জীবিত থাকাকালে কয়েক শতক জমি কিনে দুই ছেলেকে বাড়ি নির্মাণের জন্য দেন। পাশাপাশি মা ও পরিবারের সদস্যরা যে বাড়িতে বসবাস করতেন, সেটি ছোট মেয়ে তাবাসুমকে দেওয়ার প্রতিশ্রুতি দেন। পরিবারের সদস্যদের সামনেই এ কথা বলা হয়েছিল বলে দাবি তাঁর। তাবাসুম বলেন, মা মারা গেছেন প্রায় ছয় বছর আগে। দুই ভাইয়ের মধ্যে একজন মায়ের দেওয়া জমিতে বাড়ি করে বসবাস করছেন। অন্য ভাই নিজের জায়গা ফাঁকা রেখে মায়ের বসতবাড়িটি দখলে রেখেছেন। অথচ মা বাড়িটি আমাকে দিতে চেয়েছিলেন। কিন্তু আমার ভাই আকবর আলী বাড়িটি দখল করে রেখেছেন। তিনি আরও জানান, বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সালিশ বৈঠক হয়। সেখানে বসতবাড়িটি ছোট বোনকে দেওয়ার সিদ্ধান্ত হয় বলে তাঁর দাবি। সালিশে আকবর আলী এক বছরের মধ্যে বাড়িটি বোনকে বুঝিয়ে দেবেন এমন একটি লিখিত চুক্তিও করা হয়েছিল। তবে নির্ধারিত এক বছর পার হলেও বাড়িটির দখল ছাড়েননি তিনি। তাবাসুমের অভিযোগ, এরই মধ্যে কৌশলে তাঁর কাছ থেকে ৭০ হাজার টাকা নেওয়া হয়েছে। এখন বাড়ি ছেড়ে দেওয়া কিংবা টাকা ফেরত দেওয়ার কোনোটিই করতে রাজি নন আকবর আলী। এ নিয়ে তাঁকে হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এ অবস্থায় বসতবাড়ি ও টাকা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন তাবাসুম। তিনি বলেন, মায়ের সম্পত্তিতে ছেলেরা অংশ পেলে মেয়ে কেন বঞ্চিত হবেন? নিজের ন্যায্য অধিকার ফিরে পেতে প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। তবে এ বিষয়ে অভিযুক্ত আকবর আলীর বক্তব্য পাওয়া যায়নি।