দেশের সকল এলাকায় সমানভাবে উন্নয়ন করতে চাই: রংপুরে প্রধানমন্ত্রী

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) : | প্রকাশ: ২০ অক্টোবর, ২০২৬, ০৩:৪৭ পিএম
দেশের সকল এলাকায় সমানভাবে উন্নয়ন করতে চাই: রংপুরে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার যারা ভোট দিয়েছে তারও সরকার, যারা ভোট দেয়নি তারও সরকার। এই সরকার সবার জন্য সরকার। তাই রাষ্ট্রের যে অর্থনৈতিক অবস্থা আছে তা বিবেচনা করে সম বন্টনের মাধ্যমে দেশের সকলে এলাকার উন্নয়ন সমানভাবে করতে চাই। এ কারনে সম্প্রতি রংপুর মহানগরের উন্নয়নের জন্য একনেকের সভায় ১৮০০ কোটি টাকার বরাদ্দ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে রংপুর নগরীর ঐতিহাসিক ধর্মসভা (রাধা গোবিন্দ) মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন শেষে তাঁর বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, রংপুর জেলার বিভিন্ন উপজেলাগুলোর গ্রাম গুলোতে মানুষের প্রয়োজনে স্কুল কলেজের অবকাঠামো, সেতু, কালভার্ট, ব্রীজ ও সড়ক উন্নয়নে স্থানীয় সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে। যেগুলো দরকার সেগুলো পর্যায়ক্রমিকভাবে গড়ে তোলা হবে। যাতে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষও রাষ্ট্রের সুফল ভোগ করতে পারে। এই কাজগুলো করতে হলে আমাদের প্রকার ভিতরের ভেদাভেদকে ভুলে একসাথে চলতে হবে। আমরা সবাই সবার হাত ধরে সামনে এগিয়ে যেতে চাই এবং প্রত্যাশিত বাংলাদেশ গড়তে চাই।

তিনি আরও বলেন, এই দেশটি যখন স্বাধীন হয়, তখন কিন্তু আমরা কোন ধর্ম দেখিনি, প্রত্যেকটি মানুষ, বিভিন্ন ধর্মের বিভিন্ন মতের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ময়দানে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিল। ঠিক একইভাবে দেশ স্বাধীনের পরে যখন বিভিন্ন সময় প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছিল, মানুষ রাজনৈতিক অধিকার কে প্রতিষ্ঠিত করার জন্য রাজপথে নেমে এসেছিল। যে মানুষগুলো নেমে এসেছিল সকল ধর্মের মানুষই ছিল। সকল মতপথের ও পেশার মানুষ ছিল। একইভাবে যে স্বৈরাচার চেপে বসেছিল তাকে দেশ থেকে বিদায় করতে সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি ধর্মের মানুষ প্রতিটি পেশার মানুষ রাজপথে সেদিন নেমেছিল তাদের অধিকার কে প্রতিষ্ঠিত করার জন্য।কেননা এই দেশটি সকল ধর্মের মানুষকে নিয়ে এগিয়ে চলছে শান্তিতে। আমরা একসাথে শান্তিতে বসবাস করতে চাই।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আমরা যখন ঐক্যের ডাক দিয়েছি তখন একটি মহল বিভিন্ন রকম বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন। আজকে পরিষ্কারভাবে আমি সকলের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, অতীতে মুক্তিযুদ্ধকে কেউ একজন বিতর্কিত করতে চেয়েছিল, কিন্তু সেই ফলাফল টা খুব শুভ হয়নি। বাংলাদেশের মানুষ সেই ফলাফলটিকে ভালোভাবে গ্রহণ করেনি। একইভাবে আমরা দেখেছি ২৪ এর যে ছাত্র জনতার গণঅভুত্থ্যান, কোন কোন মহল বিতর্কিত করার চেষ্টা করছে। গণতন্ত্রপ্রেমী জনগণের পক্ষ থেকে বলতে চাই, দয়া করে আপনারা কেউ ছাত্র জনতার গণঅভ্যুত্থানকে বিতর্কিত করবেন না। তাই আসুন আপনাদের যদি কিছু বলার থাকে, জনগণ সিদ্ধান্ত নিয়ে সংসদে পাঠিয়েছি। তাই আপনাদের যদি কিছু বলার থাকে, যদি কিছু তুলে ধরা থাকে তাহলে সংসদে তুলে ধরুন। সেখানে ভালোটা গ্রহণ করা হবে। তারপরও বাইরে স্কুল, কলেজ, চাকুরী ও জনগণের ব্যবসা বাণিজ্যের ব্যাঘাত ঘটাবেন না।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান দুপুর ১২ টার পর পূজামন্ডপে পৌছান। মন্ডপে পৌছে মন্দিরে উপস্থিত ভক্তদের সাথে কুশল বিনিময় করেন। পরে তিনি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। এরপর তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান রংপুর ধর্মসভা রাধা গোবিন্দ মন্দিরের উন্নয়নে ১০ লাখ টাকা অনুদানের চেক তুলে দেন। এছাড়াও মন্দিরের উন্নয়নে আরো পদক্ষেপ নিতে স্থানীয় সরকারকে উদ্যোগ নেওয়ার কথা জানান। পরে তিনি ধর্মসভায় বক্তব্য শেষে সড়কপথে রাজশাহীর উদ্দেশ্যে  সৈয়দপুরের পথে রওয়ানা দেন।

এদিকে প্রধানমন্ত্রী সৈয়দপুর বিমানবন্দরের নেমে আনুষ্ঠানিকতা শেষে রংপুর যাওয়ার পথে মহাসড়কের দুই ধারে দাঁড়িয়ে থাকা হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। যাত্রাপথে তিনি তারাগঞ্জ ও পাগলাপীর এলাকায় সংক্ষিপ্ত দুটি পথসভায় বক্তব্য দেন এবং সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন।

প্রধানমন্ত্রীর সফরে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, স্থানীয় সরকারের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা জেলা বিএনপির সভাপতি নিপুন রায় চৌধুরী, রংপুর মহানগর বিএনপির আহবায়ক ও রংপুর উন্ননয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, মহানগর বিএনপির সদস্য সচিব ও সিটি কর্পোরেশনের প্রশাসকেএডভোকেট মাহফুজ উন নবী ডন, জেলা বিএনপির আহবায়ক ও জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, ভারপ্রাপ্ত সদস্য সচিব পরিতোষ চক্রবর্তিসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে