জেনে নিন ঘন ও লম্বা ভ্রু-পলক পাওয়ার সহজ ঘরোয়া উপায়

এফএনএস লাইফস্টাইল | প্রকাশ: ১৮ অক্টোবর, ২০২৬, ০৯:২৩ এএম
জেনে নিন ঘন ও লম্বা ভ্রু-পলক পাওয়ার সহজ ঘরোয়া উপায়

রূপচর্চার অংশ হিসেবে ভ্রু ও চোখের পাতার বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। সঠিক পরিচর্যায় এগুলোর ঘনত্ব বাড়ে, যা পুরো মেকআপের লুক বদলে দিতে পারে। এই সমস্যার সমাধান মিলবে ঘরের উপাদানেই। মাত্র দুটি তেল মিশিয়ে খুব সহজেই বাড়িতে তৈরি করা সম্ভব এই বিশেষ মিশ্রণ।

কী কী লাগবে?

এই মিশ্রণ বানাতে প্রয়োজন ক্যাস্টর অয়েল এবং এর সঙ্গে নারকেল তেল, আমন্ড অয়েল অথবা হোহোবা অয়েলের যে কোনো একটি। এছাড়া দরকার একটি পরিষ্কার বাটি এবং তেল লাগানোর জন্য তুলোর বল। ক্যাস্টর অয়েল বেশ ঘন হওয়ায় এটি একা ব্যবহার না করে অন্য কোনো হালকা তেলের সঙ্গে মিশিয়ে ভ্রু, চোখের পাতা বা চুলে লাগানোর পরামর্শ দেওয়া হয়।

কীভাবে বানাবেন?

প্রথমে একটি পরিষ্কার বাটিতে এক চা-চামচ ক্যাস্টর অয়েল নিতে হবে। এর সঙ্গে সমপরিমাণ নারকেল তেল, আমন্ড অয়েল বা হোহোবা অয়েল মিশিয়ে নিতে হবে। দুটি তেল ভালোভাবে নেড়ে নিলেই তৈরি হয়ে যাবে ভ্রু ও চোখের পাতার যত্নের মিশ্রণ। এই তেল তৈরি করতে বাড়তি সময় বা উপকরণের কোনো প্রয়োজন হয় না।

কীভাবে ব্যবহার করবেন?

পরিষ্কার তুলোর বল তেলে ডুবিয়ে বা সরাসরি আঙুলের ডগায় নিয়ে আলতোভাবে ভ্রু ও চোখের পাতায় মালিশ করতে হবে। অতিরিক্ত তেল ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে, কারণ ক্যাস্টর অয়েল ঘন হওয়ায় বেশি লাগালে পরে তা পরিষ্কার করতে সমস্যা হতে পারে। তেল লাগানোর পর আধ ঘণ্টা রেখে জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। আর কোথাও যাওয়ার না থাকলে তেল মালিশ করে সারারাত রেখেও দেওয়া যায়।

কেন এটি কার্যকর?

ক্যাস্টর অয়েলে প্রচুর পরিমাণে রিসিনোলেইক অ্যাসিড থাকায় এর ঘনত্ব বেশি হয়। চুল বা লোমে এটি ব্যবহার করলে শুষ্কতা দূর হয় এবং তা উজ্জ্বল দেখায়। পাশাপাশি নতুন চুল বা লোম গজাতে সাহায্য করে, যা ভ্রু ও চোখের পাতা ঘন করতে কার্যকর ভূমিকা রাখে।

আপনার জেলার সংবাদ পড়তে