লালপুরে চুরি হওয়া ৪ পানির পাম্প উদ্ধার, গ্রেপ্তার ২

এফএনএস (এ.কে. আজাদ সেন্টু; লালপুর, নাটোর) : | প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২৬, ০৫:০৬ পিএম
লালপুরে চুরি হওয়া ৪ পানির পাম্প উদ্ধার, গ্রেপ্তার ২

নাটোরের লালপুরে একটি ইটভাটা থেকে চুরি হওয়া চারটি পানির পাম্প (মোটর) উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার মহিষাখোলা গ্রামের জামাল উদ্দিনের ছেলে ইমন (২২) ও একই গ্রামের মৃত আজাদ আলীর ছেলে মামুন (২০)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ অক্টোবর ভোররাতে উপজেলার চামটিয়া এলাকার এমএসকে নামের একটি ইটভাটা থেকে চারটি পানির পাম্প চুরি হয়। ইটভাটার মালিক সবুজ আলী আগের দিন রাত ৩টার দিকে পাম্পগুলো বন্ধ করে বাড়িতে চলে যান। পরে সকাল ৬টার দিকে ইটভাটায় ফিরে পাম্পগুলো না পেয়ে চুরির বিষয়টি বুঝতে পারেন তিনি। এ ঘটনায় ইটভাটার মালিক সবুজ আলী বাদী হয়ে লালপুর থানায় একটি চুরির মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম তদন্ত শুরু করেন। তদন্তের একপর্যায়ে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ইমন ও মামুনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাঁদের হেফাজত থেকে চুরি হওয়া চারটি পানির পাম্প উদ্ধার করা হয়। লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তার দুজনকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে