শেষ তুলির আঁচড়ে সৈয়দপুরে সাজানো হচ্ছে দেবীদুর্গাকে

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ১৪ অক্টোবর, ২০২৬, ০২:২৫ পিএম
শেষ তুলির আঁচড়ে সৈয়দপুরে সাজানো হচ্ছে দেবীদুর্গাকে

শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে এখন উৎসবের আমেজে মুখরিত সৈয়দপুর উপজেলা। মণ্ডপে মণ্ডপে চলছে প্রতিমা শিল্পীদের দম ফেলার ফুরসতহীন ব্যস্ততা। রং-তুলির ছোঁয়ায় ফুটিয়ে তোলা হচ্ছে দেবীদুর্গা ও অন্য দেবী-দেবতাদের রূপ। মণ্ডপ সাজানোর কাজ প্রায় শেষের পথে, আর অল্প সময়ের মধ্যেই মর্ত্যে আগমন ঘটবে মায়ের। এ বছর সৈয়দপুর পৌর শহর ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন মিলিয়ে মোট ৮৮টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। প্রতিটি মণ্ডপেই নিরাপত্তা এবং আয়োজনের প্রস্তুতি জোরদার করা হয়েছে।

সৈয়দপুরের বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখা গেছে, মৃৎশিল্পীরা এখন প্রতিমার গায়ে শেষ আঁচড় কাটছেন। নিখুঁত ছাঁচে দেবীদুর্গা, লক্ষ্ণী, স্বরস্বতী, কার্তিক, গণেশ, অসুর ও সিংহকে ফুটিয়ে তুলতে রাত-দিন পরিশ্রম করছেন তারা। প্রতিমা তৈরির মূল কাজ আগেই শেষ হলেও এখন চলছে রঙ ও সাজসজ্জার শেষ কাজ। পূজা উদ্যাপন কমিটি ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি মণ্ডপে স্বেচ্ছাসেবক দল কাজ করার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আলোকসজ্জা ও প্যান্ডেল নির্মাণের কাজও শেষ পর্যায়ে রয়েছে, যা পুরো এলাকায় এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি করেছে। সব মিলিয়ে, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবকে ঘিরে সৈয়দপুরের সর্বত্র এখন বইছে আনন্দের জোয়ার।

আপনার জেলার সংবাদ পড়তে