কয়রায় ইকোসিস্টেম পুনরুদ্ধার বিষয়ক রিফ্রেসার কর্মশালা

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) : | প্রকাশ: ১৩ অক্টোবর, ২০২৬, ০২:৫৬ পিএম
কয়রায় ইকোসিস্টেম পুনরুদ্ধার বিষয়ক রিফ্রেসার কর্মশালা

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ক্ষতিগ্রস্ত বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে যুবকদের সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে খুলনার কয়রায় ইকোসিস্টেম পুনরুদ্ধার বিষয়ক রিফ্রেশার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে যুবকদের অংশগ্রহণে বাস্তুতন্ত্র পুনরুদ্ধার, পরিবেশ সংরক্ষণ এবং প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা করা হয়।

কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) বাস্তবায়িত ব্লু ইকোনমি অ্যান্ড ইকোসিস্টেম ডেভেলপমেন্ট ফর লাইভলিহুড জাস্টিস প্রকল্পের( বিআইফরসিজে) আওতায় কর্মশালাটির আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে অক্সফাম ইন বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ান এইড। কোডেকের প্রাইভেট সেক্টর এনগেজমেন্ট অফিসার মোঃ শামিমুল আরফিন সুমনের পরিচালনায় রিফ্রেসার কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাশিয়াবাদ ফরেস্ট  স্টেশন কর্মকর্তা ও ডেপুটি রেঞ্জার মোঃ নাসির উদ্দীন, যুব উন্নয়ন অফিসার কে এম মফিজুর রহমান ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  রিয়াছাদ আলী। আরও বক্তব্য রাখেন কোডেকের ফিল্ড অফিসার গাজী ফারুখ হোসেন, ইয়ুথ সদস্য রাসেল আহম্মেদ, ফরহাদ হোসেন, আশিকুজ্জামান, আশামনি, খাদিজা সুলতানা, মনিরুজ্জামান মনি প্রমুখ। কর্মশালায় অংশগ্রহণকারীদের বাস্তুতন্ত্রের গুরুত্ব, পরিবেশের ওপর বিরূপ প্রভাব, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং সুন্দরবনকেন্দ্রিক পরিবেশগত ঝুঁকি মোকাবিলায় যুবসমাজের ভূমিকা সম্পর্কে ধারণা দেওয়া হয়। পাশাপাশি স্থানীয় পর্যায়ে পরিবেশ রক্ষা ও বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে