স্বস্তি নিয়ে দিন পার করলো টাইগাররা

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ১২ অক্টোবর, ২০২৬, ০৮:০০ পিএম
স্বস্তি নিয়ে দিন পার করলো টাইগাররা

আবুধাবি টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে ৩ উইকেট হারিয়ে ১৩২ রান তুলেছে আফগানিস্তান। শেষ বিকেলে ফিফটি হাঁকানো রহমত শাহকে ফিরিয়ে দলে স্বস্তি এনে দিয়েছেন ইবাদত হোসেন চৌধুরী। ম্যাচ জিততে হলে বাংলাদেশের চাই ৭ উইকেট, আফগানদের দরকার আরও ৩৪৭ রান। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা আফগানিস্তানের সামনে লক্ষ্য ছিল ৪৭৯ রান। চা বিরতির পর ২ উইকেটে ৫১ রান নিয়ে খেলা শুরু করে আফগানরা। ক্রিজে টিকে ছিলেন অধিনায়ক রহমত শাহ এবং সেদিকউল্লাহ আতাল। রহমত এগিয়েছেন সাবলীল ব্যাটিংয়ে। উইকেটের চারপাশে শট খেলে রান বের করেছেন দুজন। আতাল কিছুটা ধীর ব্যাটিংয়ে এগিয়েছেন। যে কারণে তার আগেই ফিফটি ছুঁয়ে ফেলেন রহমত শাহ। যদিও ফিফটির পরেই থেমেছেন তিনি। ১২৪ বলে ৫১ রানের ইনিংস খেলে দলের ১১০ রানের মাথাতে থামেন অধিনায়ক রহমত। আগের ইনিংসে হাঁকান সেঞ্চুরি। তাকে সাজঘরে ফেরান ইবাদত হোসেন চৌধুরী। শেষ বিকেলে পাঁচে নেমেছিলেন হাশমতউল্লাহ শহীদি। আতাল এবং শহীদি মিলে বাকি কাজ সেরে ফেলেছেন। আর উইকেট হারাতে হয়নি আফগানিস্তানকে। ৩ উইকেট হারিয়ে ১৩২ রান নিয়ে দিন শেষ করে আফগানরা। ক্রিজে টিকে আছেন ২৭ বলে ১৯ রান কর শহীদি এবং ১২৬ বলে ৩৫ রান করা আতাল। বাংলাদেশের হয়ে জোড়া উইকেট তুলেছেন ইবাদত হোসেন চৌধুরী। ১ উইকেট নেন হাসান মাহমুদ। এর আগে দিনের শুরুতে ৬ উইকেট ২২৩ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে টাইগাররা। এরপর লিটন আর মিরাজ গড়েন ১৪৯ রানের জুটি। ক্যারিয়ারের ১১তম ফিফটি তুলে ৫২ রানে অপরাজিত থাকেন মিরাজ। লিটন আউট হওয়ার আগে ১১৭ বলে ১৪ বাউন্ডারিতে করেন ১০২ রান। এর আগে বাংলাদেশের ৩৪৬ রানের জবাবে ২৪০ রানে অলআউট হয় আফগানিস্তান। ফলে প্রথম ইনিংসে ১০৬ রানের লিড পায় বাংলাদেশ।